ফুটবল আরও ঢাকাবন্দী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া ফুটবল এমনিতেই ঢাকাকেন্দ্রিক হয়ে পড়েছে। ঢাকার বাইরে খেলা খুব কম। তার ওপর ফুটবল ভবিষ্যতে পুরোপুরি রাজধানীকেন্দ্রিক হয়ে পড়ার কুলক্ষণ স্পষ্ট।
দুটি শীর্ষ ক্লাব শেখ জামাল ও মোহামেডান এবার পেশাদার লিগ খেলতে ঢাকার বাইরে কোনো ভেন্যুতেই যাবে না বলেছে। এ অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বসছে বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভা।
পরশু পেশাদার লিগ কমিটির সভায় বিষয়টা নিয়ে হইচই হয়েছে অনেক। শেখ জামাল সভাপতি মনজুর কাদের সভায় বলেছেন, ফেনীর মাঠে নিরাপত্তা নেই। লোকজন ঢুকে পড়ে। মাঠ খারাপ। তাই তাঁর দল ওই ভেন্যুতে যাবে না। বলা প্রয়োজন, গত লিগে ফেনীর মাঠে হেরে শেখ জামালের শিরোপাস্বপ্ন শেষ হয়ে যায়। কাজেই ওই মাঠ নিয়ে অন্যদের চেয়ে একটু বেশিই ক্ষুব্ধ হয়তো দলটি।
গোপালগঞ্জে যোগাযোগব্যবস্থা ভালো নয়। ভালো হোটেল নেই। মাঠও ভালো ফুটবলের উপযোগী নয়। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের মাঠ তো ভালো। তাহলে? ওই মাঠের মাঝখানে ক্রিকেট পিচ—এই হলো শেখ জামালের যুক্তি।
পাশে এসে দাঁড়িয়েছে মোহামেডানও। এই ক্লাবের কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়া পরশুর সভায় উপস্থিত থেকে অভিন্ন অবস্থান নিয়েছেন মনজুর কাদেরের সঙ্গে।
ঢাকার বাইরে খেলতে অনাগ্রহ ব্রাদার্সেরও। এ দলটির সমস্যা অবশ্য ভিন্ন—আর্থিক। লম্বা মৌসুম হওয়ায় খরচ বেড়ে যায় এমনিতেই, ঢাকার বাইরে যাওয়া মানে আরও খরচ। এই যুক্তিতে ব্রাদার্স কণ্ঠ মিলিয়েছে শেখ জামাল-মোহামেডান জোটের সঙ্গে।
আবাহনী ও শেখ রাসেলের প্রতিনিধি ছিলেন না পরশুর সভায়। তবে শেখ জামাল-মোহামেডান জোটেই ভেড়ার আভাস আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর মুখে, ‘বড় দলগুলো যে সিদ্ধান্ত নেবে আমরা সেদিকেই আছি।’ ফুটবলের উন্নয়নের স্বার্থে ঢাকার বাইরে খেলতে সব সময়ই রাজি শেখ রাসেল। তবে শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরীরও একটা আপত্তি আছে, আর তা শুধু মাঠ নিয়ে, ‘অবশ্যই ঢাকার বাইরে খেলব আমরা। তবে অবশ্যই মাঠটা ভালো খেলার উপযোগী হতে হবে।’ মুক্তিযোদ্ধা, ফেনী সকার, চট্টগ্রাম আবাহনীর ভেন্যু নিয়ে আপত্তির কিছু থাকে না। কারণ এই তিন দলেরই ভেন্যু ঢাকার বাইরে।
ঢাকার বাইরে ফুটবল-উদ্দীপনা জাগাতে বাফুফে জেলা ফুটবল কমিটির সভাপতির দায়িত্ব নিয়েছিলেন মনজুর কাদের। অনেক জেলায় তিনি লিগ চালুও করেন। সেই সংগঠকই এখন ঢাকার বাইরে যেতে বেঁকে বসেছেন! কেন এই বিতর্কিত অবস্থান?
শেখ জামাল সভাপতির ব্যাখ্যা, ‘ফেডারেশনের কোনো সহযোগিতা নেই ঢাকার বাইরে খেলার ব্যাপারে, তারা উদাসীন। মাঠ ভালো নয়, নিরাপত্তা পাওয়া যায় না। যাচ্ছেতাই রেফারিং। এসব নিয়ে অনেক বলেও কোনো কাজ হয়নি। তাহলে কোটি কোটি টাকা ফুটবলের পেছনে খরচ করব কেন? ডিএফএ সভাপতি পদে আমি আছি নামকাওয়াস্তে, ফেডারেশন সহযোগিতা না করলে কিছুই হবে না। ওই পদ ছেড়ে দেব ভাবছি।’
এটাও সত্য, ঢাকার বাইরে ভেন্যু নিয়ে বাফুফের সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। লিগ কমিটি ক্ষমতাহীন। সভায় বসে চা-বিস্কুট খাওয়াই মূলত এই কমিটির কাজ। লিগ কমিটি আরও সক্রিয় ও কার্যকর হলে অনেক সমস্যাই এড়ানো সম্ভব বলে মনে করেন ফুটবলদরদি মানুষ।
দেখতে দেখতে পেশাদার লিগের বয়স সাত হয়ে গেল, অথচ আজও চলনসই পরিকাঠামোই গড়ে তোলা গেল না। ঢাকার বাইরে ভেন্যু দেখতে যান না বাফুফের দায়িত্বশীল কেউ। বছর বছর ভেন্যু কমে যাচ্ছে। তাহলে সারা দেশে ফুটবল বিস্তৃত হবে কী করে!