ফুটবল উন্নয়নে লটারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বইয়ের দশকে ক্রীড়া উন্নয়ন তহবিল লটারির কথা অনেকেরই মনে আছে। ওই লটারির প্রচারণামূলক বিজ্ঞাপনে ‘যদি লাইগ্যা যায়’ ট্যাগলাইনটি সে সময় অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছিল। আজ এত বছর পর একই ধরনের লটারির পথে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। উদ্দেশ্য, লটারির মাধ্যমে তহবিল সংগ্রহ করে তা দিয়ে নিজেদের অর্থসংকট কাটানো। আজ মঙ্গলবার বাফুফে ভবনে এই ফুটবল উন্নয়ন লটারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন প্রায়ই বলেন, অর্থের অভাবে ফুটবল উন্নয়নে বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। সম্প্রতি অর্থের অভাবে জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফের বেতন-ভাতা নিয়ে বাফুফেকে পড়তে হয়েছে চরম বিব্রতকর অবস্থায়। অর্থের অভাবে জেলা ফুটবল ও নতুন খেলোয়াড় তৈরির উদ্যোগও খুব একটা গতি পাচ্ছে না। একটি বেসরকারি প্রতিষ্ঠান—জেকে ইন্টারন্যাশনাল এই দেশব্যাপি এই লটারিটি পরিচালনা করবে।
ফুটবলের পুনর্জাগরণের লক্ষ্যে এই লটারি-উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে, সেটা অবশ্য সময়ই বলে দেবে। নব্বইয়ের দশকে ক্রীড়া উন্নয়ন তহবিল লটারি ব্যাপক সারা ফেলেছিল শুধু সঠিক বিপণনের কারণে। আজকের ফুটবল উন্নয়ন লটারির ক্ষেত্রে বাফুফের বিপণন–ব্যবস্থাটা কেমন হবে, তার ওপরই কিন্তু নির্ভর করছে এই কার্যক্রমের সাফল্য।
রাজনীতিতেও ফাউল করলে লাল কার্ড: ইনু