ফুটবল ও গৃহবিবাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু পরই প্রিয় দলের খেলা। সব কাজ সেরে আয়েশ করে বসলেন টিভির সামনে। ভেতরে ভেতরে অবশ্য আপনি দারুণ উৎকণ্ঠিত, দল জিতবে তো? দেখা গেল ৯০ মিনিটের পর দল বসল হেরে। তখন মেজাজটাও চড়ে বসল সপ্তমে। আর এককথা-দুকথায় লেগে গেল স্ত্রীর সঙ্গে। সারা রাত দুজনের বাক্যালাপ বন্ধ। বিশ্বের সব দেশেই এমন ঘটে, ইংল্যান্ডে তো ঘটে আকছার। বিশ্বকাপের সময় তো এমন গৃহবিবাদ বাড়ে আশঙ্কাজনক হারে। বিশ্বাস না করলে একটা পরিসংখ্যানে চোখ বোলাতে পারেন।
ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দেখিয়েছেন, বিশ্বকাপে ইংল্যান্ড হারলে গৃহবিবাদ বেড়ে যায় ৩৮ শতাংশ। যেখানে ড্র করলে বা জিতলে সেটি থাকে ২৬ শতাংশ। শুধু তা-ই নয়, জেরটা থাকে পরদিন পর্যন্ত। দেখা গেছে, ইংল্যান্ডের হারের পরের দিনও দাম্পত্য কলহের বাড়বাড়ন্ত থাকে ১১ শতাংশ। সবচেয়ে আশঙ্কার দিক, সময়ের সঙ্গে এটা কেবল বাড়ছেই। ২০০২ বিশ্বকাপে যেখানে ৬৪টি পুলিশি মামলা পাওয়া গেছে, সেখানে ২০১০ বিশ্বকাপে সেটা বেড়ে দাঁড়ায় ৯৯টিতে।
প্রথাগতভাবে বিশ্বকাপ সব সময়ই হয়ে আসছে গ্রীষ্মে। গবেষকেরা জানিয়েছেন, গরমের সময় অতিরিক্ত মদ্যপানও এতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ফুটবল মহাযজ্ঞের ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণও একটা নিয়ামক। এক মাস ধরে চলা বিশ্বকাপের সময় একদম তুচ্ছ ব্যাপার থেকেও অনেক সময় তুলকালাম হয়ে যায়।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ইংলিশ পুলিশদের সম্ভবত কঠিন সময় আসছে! ওয়েবসাইট।