ফুটবল ক্যাম্পে আরেকটি চমক
ভরদুপুর। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠের মধ্যে গোলপোস্ট দিয়ে বানানো হয়েছে ছোট আরেকটি মাঠ। কড়া রোদে কোচ লোডভিক ডি ক্রুইফের অনুশীলনে ফুটবলাররা ঘেমে-নেয়ে একাকার। এই ভিড়েই দেখা গেল নতুন একটি মুখ। চমকও বলা যায়। যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার ফারহান খান লাল-সবুজ গায়ে তোলার স্বপ্ন নিয়ে ক্যাম্পে যোগ দিয়েছেন।সাফ ফুটবলের ক্যাম্পে ফারহানের নাম ছিল না। বাফুফের সহসভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে যোগাযোগ করে এসেছেন। এবং অবশ্যই কোচের সবুজ সংকেত পেতে হয়েছে। ক্যাম্পে ডাক পাওয়া তিনজন প্রবাসী ফুটবলারের মধ্যে এখানকার অনুশীলনের ধকল সইতে না পেরে গত সপ্তাহেই অস্ট্রেলিয়া ফিরে গেছেন আনন্দ রহমান। আরেক প্রবাসী ডেনমার্কের জামাল ভূঁইয়া এখনো টিকে আছেন। তৃতীয়জন জার্মানির রিয়াসাত খাতন এখনো ঢাকায় আসেননি।ফারহান এসেই একটু যেন বিচ্ছিন্ন হয়ে থাকলেন প্রথম দিনে। অন্য সব খেলোয়াড়ের গায়ে জাতীয় দলের জার্সি থাকলেও ফারহান অনুশীলন করলেন নিজেরই নীল একটা জার্সি পরে। গোপালগঞ্জের তরুণের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনার একটা বড় অংশ ঢাকাতেই। বসুন্ধরার আইএসডি (ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা) থেকে ‘ও লেভেল’ পাস করে ছয় বছর আগে চলে যান ওয়াশিংটনে। সেখানেই জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক পড়ছেন। ঢাকায় থাকতে ফুটবল খেলতেন নিয়মিতই। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ফুটবল দিয়েই সবার নজর কাড়েন এই মিডফিল্ডার। ওই বিশ্ববিদ্যালয় দলে নিয়মিত খেলছেন।ফারহান নিজেই জানালেন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তাঁর দুঃসম্পর্কের মামা। তবে মামার পরিচয়ে নয়, নিজের যোগ্যতায় জাতীয় দলে সুযোগ পেতে চান, ‘আমার স্বপ্ন একদিন বাংলাদেশ জাতীয় দলে খেলব। সেই ইচ্ছা নিয়েই এত দূর চলে এসেছি। আশা করি, কোচকে খুশি করে দলে সুযোগ পাব।’ প্রথমে অবশ্য কথা বলতে চাইছিলেন না। বললেন, কোচের নিষেধ আছে। পরে এক ফাঁকে জানালেন, ‘কোচ এখনই কিছু বলেননি। শুধু বলেছেন, আরও কয়েক দিন দেখি।’নতুন কোচ এসে শুধু মাঠের অনুশীলনই নয়, বদলে দিয়েছেন আরও অনেক কিছুই। চাইলেই এখন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন না কোনো ফুটবলার। অনুশীলন শেষে নির্দিষ্ট একজনকে গণমাধ্যমের সামনে পাঠানো হচ্ছে। কাল এলেন তরুণ স্ট্রাইকার ওয়াহেদ। এমন প্রচণ্ড গরমে দুই বেলা অনুশীলন, কেমন লাগছে? ওয়াহেদের উত্তর, ‘এটা আমাদের ভালোর জন্যই। আমরা পুরো ৯০ মিনিট যাতে একই ছন্দে খেলতে পারি, এ জন্যই এভাবে অনুশীলন।’