ফুটবল ছাড়িয়ে যে জীবন

বুন্দেসলিগায় খেলতে খেলতে এসে পড়লেন বিশ্বকাপ মঞ্চে। ফুটবলের তীর্থ মারাকানায়। অথচ ২২ বছর পেছনে ফেরত গেলে বেঁচে থাকাটাই ভেদাদ ইবিসেভিচের কাছে অকল্পনীয় মনে হয়। তাঁর মায়ের গ্রামের নাম ‘পিয়ুকে’। সবুজ পাহাড়ে ঘেরা সাদা ভেড়াদের চারণভূমিটিকে একদিন হঠাৎ করেই আক্রমণ করল প্রতিবেশী সার্বরা। গ্রামের পরিচিত মুখগুলোর উদ্দেশে তাদের কণ্ঠে সহানুভূতির পরশ, ‘তোমরা বেরিয়ে এসো। কিছু হবে না তোমাদের।’ সরল মনে সাড়া দিলেন অনেকেই। প্রত্যেককে হত্যা করা হলো। সেনাবাহিনী খুঁজে খুঁজে মুসলমানদের বের করে প্রথমে নৃশংস নির্যাতন চালাল। তারপর হত্যা করল তাদের। জ্বালিয়ে-পুড়িয়ে দিল সব বাড়িঘর। গ্রামে ইবিসেভিচের দাদার একটা দোকান ছিল। প্রিয় নাতির মতো ছোট ছোট ছেলেমেয়েদের জন্য সেখানে চকলেট পাওয়া যেত। প্রকাশ্যে এই বৃদ্ধ লোকটার মাথা দ্বিখণ্ডিত করা হলো। বুক চিরে দিল তারা। শান্তশিষ্ট গ্রামটা তখন মৃত্যুপুরী, রক্তে ভেজা দৃশ্যপট।
ইবিসেভিচের বয়স তখন সাত। পুরো পরিবারকে গ্রাম ছাড়তে বাধ্য করা হলো। উদ্বাস্তুর মতো বসনিয়া থেকে সুইজারল্যান্ড, সেখান থেকে আমেরিকার সেন্ট লুইস। ভেদাদকে প্রায়ই বনে ঘুমাতে হতো। কখনো বাসে, কখনো উদ্বাস্তু ক্যাম্পেও হতো ঠাঁই। তাঁর সবচেয়ে প্রিয় জায়গা ছিল ‘জেরোভি’, তাঁর বাবার গ্রাম। মৃদুমন্দ বাতাসে জুড়িয়ে যেত ইবিসেভিচের শরীর-মন। ফুটবলের প্রতি অনুরাগ টের পেতে শুরু করেন নদীতীরের ছোট্ট সেই মাঠ থেকেই। কিন্তু একদিন তাঁকে লুকাতে হলো গর্তে। ভালোবাসার গ্রামটিকেও জ্বালিয়ে ছারখার করে দিল সার্ব সেনারা।
যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন পরিবারের মাথা গোঁজার জায়গা ছিল না। তাঁর জন্য ফুটবল ছিল না। ছোট বোনটার জন্য পুতুল ছিল না একটাও। অবশ্য বোনটা ঠিকই পুতুলের জুতাজোড়া লাগেজে ঢুকিয়েছিল। সেই গ্লানিময় অতীতের ছায়া যেন এখনো তাড়া করে ফেরে ইবিসেভিচকে। একসময় বাসে করে পালিয়ে বেড়াতেন। এখন তাঁর পা জোড়ার ঠাঁই হয় এএমজির ডিজাইন করা অত্যাধুনিক গাড়ির ইস্পাতের ধাবমান প্যাডেলে। গাড়িতে বাজে বসনিয়ার পুরোনো ভালোবাসার গান। গানটি মনে করিয়ে দেয় তাঁর ছোটবেলার কথা। মনে পড়ে যায় লিথুনিয়ার বিপক্ষে সেই গোলটির কথা, যে গোলটি প্রথমবারের মতো বসনিয়াকে তুলে এনেছে বিশ্বকাপ মঞ্চে। ইবিসেভিচের কাছে এই গোলটার কোনো মূল্য হয় না, ‘অন্যান্য দেশের মানুষ খেলাটাকে শুধু ‘ফুটবল’ খেলাই ভাবে। ওই গোলটিকে শুধু একটি গোলই মনে করে। কিন্তু যাঁরা আমাকে এবং আমার পরিবারকে চেনেন, তাঁরা জানেন, ওটা শুধু গোল নয়। গোলের চেয়েও বেশি কিছু।’ ইএসপিএন।