ফুটবল ছাপিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাশিয়ার জাতীয় দিবস। এই দিনেই ওয়ারশতে গ্রুপ ‘এ’র গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে রাশিয়া। জাতীয় দিবসকে স্মরণীয় করে রাখতে রাশিয়ার সমর্থকেরা আজ মার্চ করে ঢুকতে চেয়েছেন স্টেডিয়ামে। আর এটাই ছড়িয়ে দিয়েছেন উত্তেজনা। প্রতিবেশী দুই দেশের ইতিহাস শুধু তিক্ততাতেই ভরা। বারবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। আর এতে ক্ষতবিক্ষত হয়েছে পোল্যান্ড। অনেক দিন রাশিয়ার অধীনে ছিল পোল্যান্ড। সাম্প্রতিক ইতিহাসও ভালো কিছু বলে না। রুশদের তাই একটু সন্দেহের চোখেই দেখে পোলিশরা। মাঠের বাইরের ঘটনায় ফুটবলে মনোযোগ ধরে রাখাটাই মুশকিল হয়েছে ফুটবলারদের। তাই দু দলের ম্যানেজমেন্টই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, যাতে মাঠের ফুটবলেই মনোযোগ নিবদ্ধ থাকে। পোল্যান্ডের ক্রীড়ামন্ত্রী জোয়ানা মুচারও আশা রুশ সমর্থকদের মিছিল করে স্টেডিয়ামে ঢোকার ব্যাপারটি নিয়ে কোনো অঘটন ঘটবে না, ‘আমার মনে হয় না এই মার্চ নিয়ে বা এই দিনটি নিয়ে কোনো সমস্যা হবে। আমি নিশ্চিত সবকিছু ঠিকঠাকভাবেই এগোবে।’বাইরে যাই হোক না কেন পোল্যান্ডের চেয়ে কিছুটা হলেও এগিয়ে মাঠে নামবে রাশিয়া। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে ডিক অ্যাডভোকাতের দল। এই জয়টাই রাশিয়াকে বানিয়েছে গ্রুপের ফেবারিট। গ্রিসের বিপক্ষে পোল্যান্ডও প্রথম ম্যাচে একেবারে খারাপ করেনি। এ ছাড়া স্বাগতিক হওয়ার সুবিধা তো আছেই। আর এটাকেই পুঁজি করে এগোতে চান পোলিশ মিডফিল্ডার আদ্রিয়ান মিয়েজেফস্কি, ‘রাশিয়ানরা ফেবারিট, কিন্তু আমরা এমন সব দলের সঙ্গে খেলেছি যারা ওদের চেয়ে ভালো। ভয়ের কোনো কারণ নেই। আমরা খেলছি নিজেদের মাঠে।’ওদিকে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আগের ম্যাচে কিছু উগ্র রুশ সমর্থক মাঠে বাজি নিক্ষেপ করেছে ও প্রদর্শন করেছে আপত্তিকর ব্যানার। রাশিয়ান ফুটবল ফেডারেশন ও জাতীয় দল সমর্থকদের ভদ্র আচরণ করার অনুরোধ করেছে। রয়টার্স।