ফুটবল ছাড়লেন স্কোলস
আগেই ঘোষণা দিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পরই তুলে রাখবেন বুটজোড়া। সে অনুযায়ীই কাল আনুষ্ঠানিকভাবে ফুটবল ছাড়লেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল স্কোলস। ৩৬ বছর বয়সী স্কোলস এখন যোগ দেবেন ম্যানইউর কোচিং স্টাফে। তাই বার্সেলোনার বিপক্ষে গত শনিবারের ম্যাচটিই হয়ে রইল তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর আগে ম্যানইউয়ের রেকর্ড ১৯তম লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন, যেটি তাঁর নিজের দশম প্রিমিয়ার লিগ শিরোপা। প্রচারের আলো কখনোই সেভাবে পড়েনি স্কোলসের ওপর। ডেভিড বেকহামের মতো জাঁকালো জীবনযাপনও ছিল না তাঁর। তবে অনেকেই মনে করেন, স্কোলস তাঁর প্রজন্মের সেরা ইংলিশ মিডফিল্ডার। কোচ অ্যালেক্স ফার্গুসন চেয়েছিলেন, স্কোলস আরও এক বছর খেলুন। তাঁর অনুরোধ না রাখলেও বিদায়বেলা শিষ্যের প্রশংসা করেছেন ফার্গুসন, ‘আমরা সত্যিকারের একজন অবিশ্বাস্য খেলোয়াড়কে মিস করতে যাচ্ছি। সে ছিল সব বয়সের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা।’ ওয়েবসাইট।