ফুটবল-জ্বর বড় সংক্রামক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্যিস জার্মানি-ইংল্যান্ড ম্যাচ শেষ পর্যন্ত টাইব্রেকে গড়ায়নি। গড়ায়নি বলেই বিশ্বরাজনীতি বিব্রতকর একটা পরিস্থিতি এড়াতে পেরেছে। অ্যাঙ্গেলা মার্কেল আর ডেভিড ক্যামেরন চক্ষুলজ্জার মাথা খেয়ে কুস্তি লড়ছেন—দৃশ্যটা দৃষ্টিসুখকর হতো না নিশ্চয়ই। ইংল্যান্ড গো-হারা হেরেছে বলেই তো শেষ পর্যন্ত দুই দেশের দুই রাষ্ট্রপ্রধানের হাতাহাতি দেখার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য কোনোটাই হলো না আমাদের। তবে জার্মানির কাছে ইংল্যান্ডের ১-৪ গোলে পরাজয়ের পর মার্কেল নিশ্চয়ই ক্যামেরনকে খোঁচা দেওয়ার সুযোগটা ছাড়েননি!দ্বিতীয় রাউন্ডেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী জার্মানি আর ইংল্যান্ড মুখোমুখি হলো যখন, উন্নত বিশ্বের রাষ্ট্রপ্রধানেরা কানাডার টরন্টোতে মিলিত হয়েছিলেন এক সম্মেলনে। আলোচ্যসূচিতে সব গুরুগম্ভীর বিষয় ছিল নিশ্চয়ই। বৈশ্বিক উষ্ণতা, সন্ত্রাসবাদ, বিশ্বমন্দা...। সব ছাপিয়ে আলোচনায় উঠে এল ফুটবল!প্রতিপক্ষ সমর্থকদের জব্দ করার রেওয়াজ তো বাঙালির একার নয়, সেই বিদ্যা মার্কেল-ক্যামেরনরাও জানেন বৈকি। গত রোববারের ম্যাচ শুরুর আগে ইংল্যান্ড প্রতিনিধিদলের হোটেলের দরজায় কে বা কারা তাই টানিয়ে দিয়ে এসেছিল জার্মানির তেরঙা পতাকা। নিচে হিজিবিজি অক্ষরে সতর্কবার্তা: ‘দেখা হবে রোববার!’ক্যামেরন অবশ্য এই ঘটনার জন্য জার্মান চ্যান্সেলর মার্কেলকে দায়ী করেননি। তবে ওই ম্যাচের আগে তাঁর মধ্যেই ‘হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা’র ভাব ছিল বেশি। নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী তো এমনও বলে দিলেন, দুজন একসঙ্গে খেলা দেখবেন এবং ম্যাচটা টাইব্রেকারে গড়ালে, কে জানে হয়তো উত্তেজনার চোটে দুজনের মধ্যে কুস্তিও শুরু হয়ে যেতে পারে!মিরোস্লাভ ক্লোসা, লুকাস পোডলস্কি, টমাস মুলাররা এই খবর জেনে গিয়েছিলেন কিনা কে জানে। তবে যেভাবে খেললেন, মনে হলো মার্কেলকে মল্লযুদ্ধে যেন না নামতে হয় সেটারই প্রতিজ্ঞা করে এসেছেন জার্মান ফুটবলাররা। ৫৬ বছরের মার্কেল তাঁর চেয়ে ১২ বছরের ছোট ক্যামেরনের সঙ্গে কুস্তিতে পেরে উঠবেন কেন!ইংল্যান্ডের ৪-১ গোলের ভরাডুবি দিয়ে বিশ্বকাপের রঙ্গমঞ্চ থেকে ওয়েইন রুনিদের পাশাপাশি বিদায় নিতে হয়েছে ক্যামেরনকেও। যেমন বিদায় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। শত ব্যস্ততার ফাঁকেও ওবামা দেখেছেন দ্বিতীয় রাউন্ডে ঘানা-যুক্তরাষ্ট্র ম্যাচ। কপালে দুশ্চিন্তার বলিরেখা, গভীর উদ্বেগে তাকিয়ে টিভি পর্দায়—ওবামার এই ছবি হয়তো দেখেছেন পত্রিকায়। ওবামাও সেদিন ছিলেন টরন্টোতে। দক্ষিণ কোরিয়া আর চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠকও ছিল তাঁর। এরই ফাঁকে সময় বের করে দেখেছেন ল্যান্ডন ডনোভানদের খেলা।ক্লিনটন এখন এত ব্যস্ত নন। হাতে অখণ্ড অবসর। সেই সময়টা কাজে লাগাতে দেশের ফুটবলের হয়ে দূতিয়ালি করছেন। ২০১৮ আর ২০২২ বিশ্বকাপের যেকোনো একটির আয়োজক হতে চায় মার্কিনরা। বিড কমিটির সাম্মানিক সভাপতি ক্লিনটন তাঁর দীর্ঘদিনের কূটনৈতিক প্রজ্ঞা খাটিয়ে দল ভারী করার চেষ্টা করছেন। বিশ্বকাপ চলার সময় তাঁর দক্ষিণ আফ্রিকা যাত্রার নেপথ্য উদ্দেশ্য নিশ্চয়ই ছিল সমর্থকের সংখ্যা বাড়ানো। তবে শেষ পর্যন্ত সফরের সময় যে সাবেক প্রেসিডেন্ট বাড়িয়ে দিলেন তা শুধু ফুটবলের প্রতি নিখাদ ভালোবাসা থেকেই। ডনোভানরা অবশ্য জিততে পারেননি। পারবেন কী করে, শোনা যাচ্ছে ঘানার প্রেসিডেন্ট জন আটা মিলস নাকি কাঁড়ি কাঁড়ি বেতন দিয়ে একজন ওঝা রেখেছেন, যাঁর কাজ তন্ত্রমন্ত্র করে দলকে জেতাতে সাহায্য করা!আফ্রিকার দেশ বলে ঘানার নামে এটা কুৎসা রটনাও হতে পারে। তবে ইতিহাসের তৃতীয় আফ্রিকান দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে আসা ঘানা দলটিকে উৎসাহ জোগাতে যেকোনো কিছু করতেই প্রস্তুত বলে ঘোষণা দিয়ে রেখেছেন মিলস।যেকোনো কিছু? আসলেই কতটা করতে প্রস্তুত দেশের রাষ্ট্রপ্রধানেরা? এবার বিশ্বকাপ বাছাইপর্ব চলার সময় একজন প্রেসিডেন্ট যেমন ঘোষণাই দিয়ে বসেছিলেন, দল চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারলে তিনি নিজ হাতে নিজের রুমাল দিয়ে মুছে দেবেন প্রত্যেক খেলোয়াড়ের বুট! ওই বাছাইপর্ব চলার সময়ই তো সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিচ খুশিতে বাকবাকুম হয়ে সীমা লঙ্ঘন করেছিলেন। খুশির চোটে ঝরিয়েছিলেন শ্যাম্পেন-বৃষ্টি। ফলাফল? প্রেসিডেন্টের ৭০০ ইউরো আক্কেল সেলামি।বাছাইপর্ব চলার সময় তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক আর আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজ বউতেফ্লিকা। একপক্ষ কথার মিসাইল ছোড়েন তো পাল্টা জবাব হিসেবে উড়ে আসে কথার ‘অ্যাটম বম’! ১৯৭০ বিশ্বকাপে এই করে করেই তো রীতিমতো যুদ্ধ লেগে গিয়েছিল এল সালভাদর আর হন্ডুরাসের। এবার অবশ্য পরিস্থিতি অতটা খারাপ হয়নি।একটাই আবেগ জড়িয়ে থাকে ফুটবলের সঙ্গে। সেই আবেগের মন্ত্রে চালিত হন বলেই ব্রাজিলের রাষ্ট্রপ্রধান লুলা ডা সিলভা আর ফার্স্ট লেডি মারিজা আর দশজন সাধারণ ফুটবল-ভক্তের মতো নেচে ওঠেন আনন্দে। থিয়েরি অঁরির সঙ্গে জরুরি বৈঠক করে ফ্রান্সের ফুটবলে অধঃপতনের হদিস খুঁজতে হয় নিকোলা সারকোজিকে। আর্জেন্টাইন প্রেসিডেন্ট ক্রিশ্চিনা কির্চনারকে অবশ্য এখনো ততটা সরব দেখা যাচ্ছে না।নিকট ভবিষ্যতেই দেখা যাবে নিশ্চয়ই। ১৯৩০ বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার পর জন-অসন্তোষ কাজে লাগিয়ে হিপোলিতো ইরিহোয়েনকে যে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, এই ইতিহাস কির্চনারের পড়া আছে নিশ্চয়ই!