ফুটবল-তায়কোয়ান্দোর সোনার স্বপ্ন
তিনটি সংবাদ সম্মেলন হলো পর পর। গত দক্ষিণ এশীয় গেমসে সোনা জিতে চমক দেখানো তায়কোয়ান্দো দল প্রথমে জানাল, এবার অন্তত দুটি সোনা জয়ের ক্ষমতা রাখে তারা। এরপর গেমসে এই প্রথম যুক্ত হওয়া মহিলা ফুটবল দল ফাইনালে খেলার স্বপ্ন দেখার কথা বলল। সব শেষে গেমসের সবচেয়ে আকর্ষণীয় সোনার জন্য লড়াইয়ের প্রতিশ্রুতি দিল পুরুষ ফুটবল দল।অনূর্ধ্ব-২৩ পুরুষ ফুটবলে গত দুবার বাংলাদেশ সেমিফাইনালেই যেতে পারেনি। সম্প্রতি কোচ-বদল, সাফ ফুটবলে জাতীয় দলের ভরাডুবি মিলিয়ে এবার গেমসে ফুটবলে বাংলাদেশের কাছে সোনা প্রত্যাশা নেই খোদ গেমস আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরই (বিওএ)। কিন্তু কাল বিওএ ভবনে সংবাদ সম্মেলনের পর সম্ভাব্য সোনার তালিকায় ঢুকে পড়তে পারে ফুটবল।যার হাত ধরে ফুটবলে পুনরুদ্ধার হতে পারে সোনা, সেই সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচ নিশ্চয়তা দেননি, তবে সোনার প্রত্যাশা তাঁর, ‘সোনা জয়ের ব্যাপারে কথা দিতে পারব না। তবে দেশের মাটিতে ছেলেরা সর্বোচ্চ চেষ্টা করবে। বাংলাদেশের খেলোয়াড়েরা প্রতিভাবান। ওদের ওপর আমার আস্থা ও বিশ্বাস আছে।’অন্য সব কোচের মতো নতুন কোচেরও সেই আস্থাটা সবচেয়ে বেশি গোলরক্ষক আমিনুলের ওপর। এই দলটির অধিনায়কও জাতীয় দলের অধিনায়ক। নিয়ম অনুযায়ী গেমস ফুটবলে ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় থাকবেন তিনজন। আমিনুলের সঙ্গে বাকি দুজন ডিফেন্ডার ওয়ালী ফয়সাল ও স্ট্রাইকার এনামুল। আমিনুলের সঙ্গে কোচের প্রশংসা বরাদ্দ ছিল সহ-অধিনায়ক ওয়ালি আর এমিলির জন্যও। চূড়ান্ত দল হবে ২০ সদস্যের, এই দলের তিন-চারজন বাদে বাকি সবারই কমবেশি আন্তর্জাতিক ফুটবল খেলার অভিজ্ঞতা আছে—এটা দলটির শক্তির অন্যতম দিক। অধিনায়ক আমিনুল বারবারই বললেন, ‘নতুন কোচ আমাদের বলছেন, মনপ্রাণ উজাড় করে খেলতে হবে। ঘরের মাঠে গেমস ফুটবলে অবশ্যই আমরা সোনার জন্য খেলব। সোনা জয়ের ক্ষমতা আছে আমাদের।’গেমস ফুটবলে শুধু একবারই সোনা জিতেছে বাংলাদেশ (১৯৯৯ কাঠমান্ডু গেমসে)। এবার অল্প কয়েক দিনের প্রস্তুতিতে কোচ অখুশি নন। তবে বড় ঘাটতি প্রস্তুতি ম্যাচ না খেলা। এটা কি পরে ঢাল হিসেবে ব্যবহার হবে? বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বললেন, ‘কোচ ম্যাচ খেলার চাহিদা আমাদের জানায়নি।’ কেন? কোচের উত্তর, ‘অর্থনৈতিক সংকট আছে ফেডারেশনের। আমি চাইলেই তো হবে না।’ওদিকে মহিলা ফুটবল দল সময়মতো জিও (সরকারি আদেশ) না পাওয়ায় পশ্চিমবঙ্গে যেতে পারল না অনুশীলন ম্যাচ খেলতে! তৃষ্ণা চাকমাকে অধিনায়ক করে কাল ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক দল নিয়ে তবু আশাবাদী কোচ সাহীদুর রহমান সান্টু, ‘আমাদের প্রস্তুতি ভালো। ফাইনালে খেলতে চাই। জার্মান কোচরা বলে গেছেন, ছেলেদের চেয়েও নাকি আমাদের মেয়েদের দল ভালো।’আশাবাদী দেখাচ্ছে তায়কোয়ান্দো দলকেও। যার কেন্দ্রবিন্দুতে গত গেমসে সোনাজয়ী মিজানুর রহমান, ‘গতবারের সাফল্যটা ধরে রাখতে চাই। আশা করি জাতিকে হতাশ করব না।’ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলামও আশাবাদী, ‘দেশবাসীকে হতাশ করব না। ভালো কিছু অবশ্যই উপহার দেব। ১০টি সোনার মধ্যে দুটি জয়ের আশা রাখি।‘ ওদিকে প্রস্তুতি নিয়ে খুশি তায়কোয়ান্দোর কোরিয়ান কোচ লি জুং, ‘গতবার ছয় মাস অনুশীলন হয়েছে। এবার এক বছর। এটা ভালো কিছু করতে অবশ্যই সহায়ক হবে।’ফুটবলের ২৫ সদস্যের দল: গোলরক্ষক—আমিনুল, মাজহারুল, নেহাল। ডিফেন্ডার—মামুন মিয়া, আরিফুল, নাসির, আতিকুর, অরূপ, মিন্টু শেখ, ওয়ালী, রেজাউল, মামুনুল, ইমতিয়াজ, মোনায়েম, মোবারক, জাহেদ, শাকিল, জাহিদ। আক্রমণভাগ—এমিলি, কমল, মিঠুন, তৌহিদুল আলম, তৌহিদুল সিদ্দিকী, এনামুল, ইউসুফ।