ফুটবল দল, নাকি 'জাতিসংঘ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানের দলে ঠাঁই পেয়েছেন ভিনদেশি খেলোয়াড়েরা।
যুক্তরাষ্ট্র কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানের দলে ঠাঁই পেয়েছেন ভিনদেশি খেলোয়াড়েরা।

অর্থনৈতিক ও সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র যতটা পরাক্রমশালী, ফুটবলে ঠিক এর বিপরীত। বিশ্বকাপে ফেবারিটের তালিকায় যুক্তরাষ্ট্র কবে ছিল, তা বের করা কঠিনই। এরই মধ্যে ব্রাজিল বিশ্বকাপের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন ইয়ুর্গেন ক্লিন্সম্যান। স্কোয়াডে জায়গা পাওয়া খেলোয়াড়দের পাঁচজনেরই জন্ম ভিন দেশে। ভিন দেশের নাগরিকদের জাতীয়তা দেওয়ার সুবাদে যুক্তরাষ্ট্র যেমন বহু বিচিত্র বর্ণ আর সংস্কৃতির দেশ হয়ে উঠেছে, দেশটির ফুটবল দলও তা-ই। এত বর্ণ আর জাতীয়তার সমাবেশে শুধু যেন জাতিসংঘের কোনো সভাতেই দেখা যায়!
ক্লিন্সম্যানের প্রাথমিক দলে ঠাঁই পেয়েছেন নরওয়ে-বংশোদ্ভূত মিডফিল্ডার মিক্স ডিসকেরাদ, জার্মান বংশোদ্ভূত ডিফেন্ডার ফ্যাবিয়ান জনসন ও ফরোয়ার্ড টিরেন্স বয়েড, আইসল্যান্ডের স্ট্রাইকার অ্যারন জোহানসন, ম্যাক্সিকান-আমেরিকান মিডফিল্ডার জো কোরোনা।
মাতৃভূমির হয়ে খেলার যে অনুভূতি, সেটি হয়তো উপভোগ করতে পারবেন না উল্লিখিত খেলোয়াড়েরা। কথা হলো, ভিনদেশি খেলোয়াড়েরা ‘পরদেশের’ জন্য শতভাগ ঢেলে দিতে পারবেন তো? এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র কোচের জবাব, ‘আমাদের আগেই অন্যান্য দেশ এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে। এখন যুক্তরাষ্ট্রে এটি বেশি হচ্ছে। এটি আমাদের নতুন মাত্রা দিয়েছে।’
খেলোয়াড়েরা মাতৃভূমি ছেড়ে কেন যুক্তরাষ্ট্র বেছে নিলেন? এ প্রশ্নের জবাবে ২০১১ সালে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়া ক্লিন্সম্যান বললেন, ‘তারা যুক্তরাষ্ট্র দলকে বেছে নিয়েছে কারণ, আমাদের দেশে (যুক্তরাষ্ট্র) ফুটবল নিয়ে যা হচ্ছে, সেটি তারা দেখেছে। তারা দেখেছে মেজর লিগ সকার ক্রমেই বড় থেকে আরও বড় হচ্ছে। তারা দেখেছে, জাতীয় দল আরও ভালো করছে। জাতীয় দলে খেলাও অনেক ভালো চাকরি। দল আরও ভালো করার পথে রয়েছে। ভবিষ্যতে তাদের আরও অনেক সুযোগ-সুবিধা আসছে। এতে আমরা রোমাঞ্চিত।’