ফুটবল নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বলছেন, ফুটবলের জনপ্রিয়তা হারিয়ে গেছে। কেউ বলছেন, ঢাকার বাইরে ফুটবল এখনো জনপ্রিয়। ফুটবলের সঙ্গে ক্রিকেটের তুলনা করতে গিয়ে একজন বললেন, তারকা ক্রিকেটাররা খেললেও এবারের ঢাকা লিগে দর্শক কই? তবে কি তারকা খেলোয়াড় মাঠে দর্শক টানার অন্যতম শর্ত নয়! ‘বিপিএল ও বিএসএল: নতুন সম্ভাবনার সন্ধানে’ শীর্ষক ফুটবলের সেমিনারটা কাল সন্ধ্যায় তর্কে-বিতর্কে জমে উঠেছিল। রাজধানীর একটি হোটেলে এই সেমিনার আয়োজন করে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি।
২৪ জুলাই ঢাকার বাইরে শুরু হচ্ছে পেশাদার ফুটবল লিগ (বিপিএল), নতুন মোড়কে। লিগটা কেমন হবে, কেমন জমবে, দর্শক হবে কি না, প্রিমিয়ার লিগ দিয়েই ফুটবলে সুদিন ফিরবে কি না, ফুটবলার তৈরির দায়িত্ব ক্লাবের না ফেডারেশনের—এসব দিকেই আলো ফেলে সেমিনারটা জমিয়ে তোলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহসভাপতি বাদল রায়, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিপিএলের প্রধান পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন, জাতীয় দলের সহকারী ও আরামবাগের প্রধান কোচ সাইফুল বারীসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত ক্রীড়ালেখক রণজিৎ বিশ্বাসের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর লিখিত প্রবন্ধ পাঠ করেন সনৎ বাবলা। এই প্রবন্ধে উঠে এসেছে বিপিএল ও বিএসএল সফল করার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব।