ফুটবল-বর্ণবাদ-দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদের বিষবৃক্ষ সাম্যের করাতে কাটা পড়েছে প্রায় দুই দশক। কিন্তু শেকড় এখনো পুরোপুরি উপড়ে ফেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সাদা আর কালোর মাঝখানে এখনো অদৃশ্য একটা বিভেদ-রেখা। বর্ণবাদ এখন যেন এক ঘুমন্ত আগ্নেয়গিরি। ‘রঙধনু জাতি’র দেশ দক্ষিণ আফ্রিকা সত্যিকার অর্থেই সব বর্ণকে পাশাপাশি নিয়ে আসতে চায়। ভাষা, বর্ণ, ধর্মের দেয়াল ভেঙে সবাইকে এক ছাতার নিয়ে আসার যে শক্তি আছে ফুটবলের; সেটাই এবার ব্যবহার করতে চায় প্রায় পাঁচ কোটি মানুষের দেশটি।বিশ্বকাপ যে পুরো দেশকে এক করতে পারে, সেই উদাহরণ রেখে গেছে ১৯৯৫ রাগবি বিশ্বকাপ। সেবার দক্ষিণ আফ্রিকা রাগবি দলের অধিনায়ক ফ্রাঙ্কোইস পিয়েনারের সঙ্গে জুটি বেঁধেছিলেন আগের বছর নির্বাচিত প্রেসিডেন্ট, কালো মানুষের মুক্তির দূত নেলসন ম্যান্ডেলা। রাগবি ‘সাদাদের খেলা’ বলে প্রথম দিকে সংখ্যাগুরু কালোরা মুখ ফিরিয়েই রেখেছিল। কিন্তু রাগবি দলের একের পর এক জয়, অবশেষে বিশ্বকাপ শিরোপা পুরো দেশকে আনন্দে উন্মাতাল করে তোলে। কালো-সাদার বিভেদ ভুলে পুরো দেশ মেতে ওঠে উৎসবে।আরও একটি বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার শেষ বর্ণবাদের শেষ রেশটিও মুছে ফেলতে চায় দেশটি। সব সংশয়, নেতিবাচক খবর ধুয়েমুছে বিশ্বকাপের জন্য প্রস্তুত দক্ষিণ আফ্রিকানরাও। রাষ্ট্রপতি জ্যাকব জুমা নিজে প্রতি শুক্রবার নিয়ম করে ‘বাফানা বাফানা’দের জার্সি পরছেন। ‘পুরো দেশ যেভাবে এক হয়ে সমর্থন দিচ্ছে, সেটি আমার হূদয় ছুঁয়ে যাচ্ছে। এই ঐকতান আমি খেলাধুলার বাইরে আরও বড় পরিসরে দেখতে চাই’—বলেছেন জুমা।কিন্তু আশাবাদের উল্টো পিঠেই আছে নৈরাশ্য। মোট জনসংখ্যার ১০ শতাশং সংখ্যালঘু শ্বেতাঙ্গরা এখনো ফুটবলের চেয়ে রাগবি আর ক্রিকেটেই মগ্ন। ২০০৭ রাগবি বিশ্বকাপের দলটাতেও ১৩ খেলোয়াড় ছিলেন শ্বেতাঙ্গ, দুজন মিশ্রবর্ণের। কৃষ্ণাঙ্গ ছিলেন না একজনও। সাদারা ফুটবল দেখলেও সেটি ইউরোপীয় ক্লাব ফুটবলের গণ্ডিতেই সীমাবদ্ধ। ফুটবল এখনো তাদের কাছে কালোদের খেলা।তবে ১১ জুন মাঠে বল গড়ানোর সঙ্গে সঙ্গেই সব ব্যবধান ধুয়ে যাবে ফুটবল উৎসবের বৃষ্টিতে। এএফপি।