ফুটবল বিশ্বকাপ আয়োজনে কাতারের দাবির প্রতি এএফসি সভাপতির সমর্থন
২০২২ সালে বিশ্বকাপ আয়োজনে কাতারের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি মোহাম্মদ বিন হাম্মাম। কাতার ছাড়াও এশিয়ান ফুটবল কনফেডারেশনের আরো তিন সদস্য দেশ জাপান, কোরিয়া ও অস্ট্রেলিয়া ২০২২ বিশ্বকাপ আয়োজনের দাবিদার। নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও শেষপর্যন্ত নিজ জন্মভূমি কাতারে বিশ্বকাপ আয়োজনের ইচ্ছাটা লুকোতে পারেন নি মোহাম্মদ বিন হাম্মাম।মিয়ানমার সফরে গিয়ে ২০২২ বিশ্বকাপ আয়োজনে কাতারের প্রতি তাঁর সমর্থন আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিন হাম্মাম বলেছেন, ‘ অবশ্যই ২০২২ সালে কাতারের বিশ্বকাপ আয়োজনের দাবিতে আমার পূর্ণ সমর্থন আছে।’ তবে কাতার না হলেও কোরিয়া, জাপান বা অস্ট্রেলিয়ার মধ্যেই কেউ বিশ্বকাপ আয়োজনের অনুমতি পাবে বলে তিনি আশা করছেন। সুযোগটা যেই পাক, সেটাকে সামগ্রিক এশিয়ার জন্যই গর্বের ব্যাপার বলে মনে করছেন বিন হাম্মাম। ‘বিশ্বকাপ আয়োজনের অনুমতি যেই পাক, শেষপর্যন্ত চূড়ান্ত বিজয়টা হবে এশিয়ার। কোরিয়া, জাপান বা অস্ট্রেলিয়াও যদি সেই সুযোগ পায় তাহলেও আমি একইরকম খুশি হব’, বলেছেন তিনি।কাতার ফিফার কাছ থেকে অনুমতি পেলে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ।