ফুটবল মাঠে অভিনব প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হয়ে গেছে খেলা। কিন্তু এই ফুটবলারের মধ্যে কোনো ভাবান্তর নেই। এভাবেই ব্রাজিলের ঘরোয়া ফুটবলে স্থির দাঁড়িয়ে গিয়ে প্রতিবাদ করেছেন খেলোয়াড়েরা
শুরু হয়ে গেছে খেলা। কিন্তু এই ফুটবলারের মধ্যে কোনো ভাবান্তর নেই। এভাবেই ব্রাজিলের ঘরোয়া ফুটবলে স্থির দাঁড়িয়ে গিয়ে প্রতিবাদ করেছেন খেলোয়াড়েরা

রেফারির খেলা শুরুর বাঁশি। কিক অফও হলো। সেন্টারে দাঁড়ানো দুই খেলোয়াড়ের একজন বলে টোকা দিয়ে পাসও দিলেন। সাধারণত এর পরই শুরু হয়ে যায় খেলোয়াড়দের বল দখলের লড়াই। কিন্তু এ কী, কিক অফের পর থেমে গেল সব। বলটা অনাথের মতো পড়ে আছে। কেউ সেটা ধরছেও না। থেমে আছে সব খেলোয়াড়। এমনকি রেফারি-লাইনসম্যানও। এভাবেই কেটে গেল কিছুক্ষণ। যেন স্থিরচিত্রটি, ফ্রেমে বাঁধানো কোনো ফুটবল মাঠের ছবি। এর পরই হুট করে সচল হলো ছবিটা। নড়তে শুরু করলেন খেলোয়াড়েরা। শুরু হয়ে গেল খেলা!

সম্প্রতি ব্রাজিলের ঘরোয়া লিগে দেখা গেল এই ব্যতিক্রম দৃশ্য। রেফারির বাঁশি বাজার পরও দুই দলের খেলোয়াড়ই দাঁড়িয়ে থাকলেন একই জায়গায়। আনুষ্ঠানিকভাবে খেলা শুরু হয়ে গেলেও প্রথম ৪০ সেকেন্ড কেউ পা-ই ছোঁয়ালেন না বলটিতে। শুধু একটা ম্যাচে না, গত বুধবার অনুষ্ঠিত সাতটি ম্যাচেই দেখা গেছে এমন দৃশ্য।

ব্রাজিলিয়ান লিগে খুব অল্প সময়ের মধ্যেই অনেক বেশি ম্যাচ খেলতে হয় ফুটবলারদের। অল্প সময়ের ব্যবধানেই একের পর এক ম্যাচ খেলে যাওয়াটা অনেকের কাছেই একধরনের অত্যাচার। সেটার প্রতিবাদ জানাতেই খেলা থামিয়ে রাখার অভিনব পন্থাটি বেছে নিয়েছেন ফুটবলাররা। কোনো কোনো ম্যাচে এই সময়টা রেফারিও দাঁড়িয়ে ছিলেন স্থির হয়ে। কিন্তু কিছু ক্ষেত্রে খেলা শুরু না করলে কার্ড দেখানোর হুমকিও দিয়েছেন রেফারি। সেসব ম্যাচে খেলোয়াড়েরা বলটা শুধুই নিজেদের মধ্যে দেওয়া-নেওয়া করেছেন কার্ডের খাঁড়া থেকে বাঁচতে।

ব্রাজিলিয়ান লিগের এই ঠাসবোঝাই সময়সূচি পরিবর্তন না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের আন্দোলনে যাওয়ারও হুমকি দিয়েছেন ফুটবলাররা। করিন্থিয়ানসের ডিফেন্ডার পাউলো আন্দ্রে বলেছেন, ‘ফুটবল ফেডারেশন যদি আমাদের ডাকে সাড়া না দেয়, তাহলে আমরা প্রতিবাদের মাত্রাও বাড়িয়ে দেব।’ বিশ্বকাপের মৌসুম বলে ২০১৪ মৌসুমটাতে কিছুটা ছাড়ই দিচ্ছেন তাঁরা। কিন্তু পরবর্তী মৌসুম থেকে সময়সূচি পরিবর্তন না করা হলে লিগ বয়কটেরই ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান লিগের এই ফুটবলাররা। আর এই প্রতিবাদ কর্মসূচির জন্য কোনো শাস্তি দেওয়া হলে সেটারও পরোয়া করবেন না তাঁরা।

যেমনটা আন্দ্রে বলেছেন, ‘এই আন্দোলনের বিরোধিতা করার কোনো অর্থই থাকবে না। কর্তৃপক্ষ শুধু একটা কাজই করতে পারে। আর সেটা হলো ২০টা দল আর তাদের সব খেলোয়াড়কে শাস্তি দেওয়া। ২০১৪ সালের সমস্যাটা আমরা উপলব্ধি করছি। কিন্তু ২০১৫ মৌসুমের জন্য কোনো পদক্ষেপ না নেওয়া হলে আমরা কেউই খেলব না।’

অভিনব সেই প্রতিবাদটির ভিডিও দেখুন:

ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফসহ যেকোনো খেলার আপটেড ও খবর পেতে আপনার মোবাইল থেকে S লিখে এসএমএস করুন 2221 নম্বরে