ফুটবল মাঠে আজ আবাহনী-মোহামেডান
বিশ্বকাপ ক্রিকেটের দামামার মধ্যে আজ ফুটবল মাঠে লড়ছে ঢাকার দুই প্রধান। নামেই প্রধান কিংবা চিরপ্রতিদ্বন্দ্বী। এ মৌসুমে মোহামেডানের খেলোয়াড় তালিকা দেখলে আবাহনীর যোগ্য প্রতিদ্বন্দ্বীর মর্যাদা তাদের দিতে চাইবে না কেউ। একঝাঁক নবীন ফুটবলারের গায়ে বিখ্যাত সাদা-কালো জার্সি। আকাশি-নীলদের সামনে যারা একেবারেই অনভিজ্ঞ।পয়েন্ট তালিকায়ও সেটির প্রতিচ্ছবি। ১২ দলের বাংলাদেশ লিগে ১০ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী (শীর্ষে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট ২৫)। মোহামেডানের পয়েন্ট মাত্র ১৩। লিগের প্রথম পর্বেই আবাহনী-মোহামেডানের মাঝখানে ১০ পয়েন্ট ব্যবধান! তাহলে এই ম্যাচে আবাহনী-মোহামেডানের সেই চিরন্তন লড়াই দেখার আশা না করাই কি ভালো নয়?তার পরও ম্যাচের গায়ে আবাহনী-মোহামেডান তকমা। টানা চতুর্থ হ্যাটট্রিক শিরোপার প্রত্যাশী আবাহনীর জন্য ম্যাচটা জেতা জরুরি। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল পাঁচটায় শুরু ম্যাচে আবাহনী হারলে লড়াই থেকে পিছিয়ে যাবে। অঘটন না ঘটাতে পারলে মোহামেডানের পক্ষে এবারও শিরোপাটা হয়তো অধরাই থেকে যাবে। কিন্তু এই লড়াইয়ে জিতলে পায়ের তলায় একটু মাটি পাবে মোহামেডান। মোহামেডানের কাছে সেটিই সবচেয়ে কাঙ্ক্ষিত।মুক্তিযোদ্ধার বড় জয়: চট্টগ্রাম মোহামেডানকে ৬-০ গোলে কাল উড়িয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা। দুটি করে গোল করেছেন মিঠুন চৌধুরী ও জেমস মগা। বাকি দুই গোল বুকোলা ও আলমগীর রানার।আজ কক্সবাজারে শেখ রাসেল খেলছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। স্থানীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা সোয়া তিনটায়।