ফুটবল মাঠে আতঙ্ক

গগনবিদারী শব্দটা শোনা গিয়েছিল ম্যাচের ১৫ মিনিটের সময়। স্তাদে দা ফ্রান্সের ৮০ হাজার দর্শকে ঠাসা গ্যালারি তখন পগবাদের নামে কোরাসে মত্ত। অনেকেই শব্দটির উৎস আতশবাজি বলেই ঠাওরেছিলেন। একটু পরেই আরেকটি শব্দ, তখনো দর্শকেরা তেমন কিছু বুঝতে পারেননি। ‘কিছু’ একটা যে হয়েছে, সেটি বোঝা গেল ম্যাচ শেষে। দর্শকদের স্টেডিয়ামের প্রবেশপথ দিয়ে বের হতে নিষেধ করা হলো। এর মধ্যে মুঠোফোনে অনেকেই জেনে গেছেন, অমরাবতী প্যারিসে কী বীভৎস রক্তগঙ্গা বয়ে গেছে। স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলার ধাক্কাটা প্যারিসকে হয়তো আরও অনেক দিনই বয়ে বেড়াতে হবে।
পরশু প্যারিসে সন্ত্রাসী হামলার একটা অংশ হয়েছিল ফ্রান্স-জার্মানি ম্যাচের সময়ই। অলিভিয়ের জিরু ও আন্দ্রে পিয়েরে জিনিয়াকের গোলে ম্যাচটা ফ্রান্স শেষ পর্যন্ত জিতেছে, কিন্তু জয়ের আনন্দ ম্যাচ শেষে রূপ নিয়েছে অনিঃশেষ আতঙ্কে। দর্শকদের কেউ অবশ্য নামতে গিয়ে হুড়োহুড়ি করেননি। একে অন্যের হাতে হাত রেখে, জাতীয় সংগীত গাইতে গাইতে ধীরে ধীরেই সবাই আশ্রয় নিয়েছেন সবুজ মাঠে। দর্শকদের একজন যেমন জানালেন, তাঁরা মাঠকেই সবচেয়ে নিরাপদ মনে করছিলেন। শেষ পর্যন্ত ঘণ্টা দেড়েক অপেক্ষা করার পরেই তাঁরা মাঠ ছাড়তে পেরেছেন।

পরে পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের উৎস স্টেডিয়ামসংলগ্ন ম্যাকডোনাল্ডসের একটা রেস্তোরাঁ। ধারণা করা হচ্ছে, হামলাটা আত্মঘাতী। তাতে চারজনের মৃত্যুর খবরও এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদও হামলার সময় মাঠেই ছিলেন। খুব দ্রুতই তাঁকে প্যারিসজুড়ে হামলার কথা জানানো হয়। ম্যাচ চলার সময়ই তিনি স্টেডিয়াম ছেড়ে চলে গেছেন।
এমন একটা ম্যাচের পর খেলাও হয়ে পড়ে গৌণ। ম্যাচ শেষে হতভম্ব জার্মান কোচ জোয়াকিম লোও সেটি স্বীকার করলেন, ‘আমরা হতবাক। এখন খেলাটা অনেক পরের বিষয়। বুঝতে পারছি না আমাদের কী করা উচিত। আজকে হোটেলে বোমা হামলার হুমকির জন্য আমরা তিন ঘণ্টা বাইরে ছিলাম। এ কারণে একটু বেশি ভয় পেয়েছিলাম।’ খেলোয়াড়েরাও ম্যাচ চলার সময় কিছু জানতে পারেননি, বিরতির সময়ও তাঁদের কিছু জানানো হয়নি। ম্যাচ শেষে টানেলে সবিস্ময়ে দেখেছেন এই নারকীয়তা। ম্যাচের পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান নোয়েল লে গ্রায়েতই শুধু কথা বলেছেন। দর্শকদের মাঠে থাকাটাই সবচেয়ে নিরাপদ মনে করে কিছু তাঁদের জানানো হয়নি, সেটি স্বীকারও করেছেন।
আগামী পরশুই ইংল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা ফ্রান্সের। ফ্রেঞ্চ দৈনিক লেকিপ জানিয়েছিল, সেটি স্থগিত করার চিন্তাভাবনা করছে ফ্রান্স ফেডারেশন। তবে কাল ফেডারেশন নিশ্চিত করেছে, ম্যাচটি নির্ধারিত সময়েই হবে। এএফপি।