ফুটবল মাঠে প্রতিপক্ষ যখন ৫৫ জন!

দুজনই জাপানের জাতীয় দলের খেলোয়াড়। ক্লাব ফুটবলে শিনজি কাগাওয়া খেলেন ম্যানচেস্টার ইউনাইটেডে আর হিরোশি কিয়োতাকে খেলেন এফসি নুরেমবার্গে। হলফ করে বলা যায়, এমন ম্যাচ আগে কখনো খেলেননি জাপানি এ দুই তারকা ফুটবলার। যে ম্যাচটির কথা বলা হচ্ছে, সেটির প্রতিপক্ষ দলে কতজন খেলোয়াড় খেলেছেন জানেন? বেশি না, ‘মোটে’ ৫৫! এক দলে খেলেছেন শুধু কাগাওয়া ও কিয়োতাকে। অন্য দলে ৫৫ জন। অর্থাত্ ৫৫ বনাম ২!
এর পরও ২-০ ব্যবধানে ম্যাচ জিতেছে দুই সদস্যবিশিষ্ট কাগাওয়া ও কিয়োতাকের দলই! ৫৫ জনের দলের সবাই কি এদিনই প্রথম ফুটবলে লাথি মারলেন? না, প্রথম লাথি না মারলেও খেলোয়াড়েরা সবাই ছিলেন কাগাওয়া ও কিয়োতাকের হাঁটুর বয়সী! খুদে ফুটবলার হলেও তাদের হালকা ভাবার অবশ্য কারণ ছিল না। কারণ মাঠজুড়ে কেবল প্রতিপক্ষের খেলোয়াড়!
যা-হোক, প্রথমে নামল ৩৩ জন। গড়ে তোলা হলো নিশ্ছিদ্র রক্ষণভাগ। গোলপোস্ট আগলে রাখলেন তিনজন গোলরক্ষক। একে একে সবাইকে কাটিয়ে কাগাওয়াকে বল পাস দিলেন কিয়োতাকে। কাগাওয়া ভুল করলেন না। রক্ষণভাগ ও গোলরক্ষকত্রয়ীকে ফাঁকি দিয়ে মুহূর্তেই বল জড়িয়ে দিলেন জালে!
এরপর শুরু হলো আসল পরীক্ষা। পিলপিল করে নামলেন আরও ২২ জন! দুজনে তো হেসেই খুন! হাসলেও বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন তাঁরা। এবার ৫৫ জনকে কাটিয়ে গোল দিতে হবে। ওদিকে গোলরক্ষক ৫ জন। প্রতিপক্ষের খেলোয়াড়েরা হাত-পা ছুড়ে শরীরের জড়তা ছাড়িয়ে শরীরে হিম ছড়িয়ে দিচ্ছেন! কাগাওয়ার এসব দেখে মাথায় হাত! মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে নেমে এল বৃষ্টি। চ্যালেঞ্জটা তাঁরা নিয়েই নিলেন। শুরু হলো খেলা। একের পর এক খেলোয়াড় কাটিয়ে, নিশ্ছিদ্র রক্ষণব্যূহ ভেদ করে আবারও কিয়োতাকের পাসে কাগাওয়ার গোল! এ দুই তারকা ফুটবলারের কাছে হেরে গেল ৫৫ জনের দল!
ম্যাচটি নিয়ে ইউটিউবে রীতিমতো ঝড় হয়েছে। এরই মধ্যে ভিডিওটি দেখা হয়েছে প্রায় সাড়ে চার লাখবার!
ম্যাচটির ভিডিও দেখুন: