ফুটবল মাঠে মিসাইল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণক্ষেত্র স্টডিয়াম
রণক্ষেত্র স্টডিয়াম

ফুটবল মাঠে সমর্থকদের হাঙ্গামা নতুন নয়। তাই বলে মিসাইল ছোড়াছুড়ি! এমনই ঘটনা ঘটেছে বসনিয়ান প্রিমিয়ার লিগের জেলেনিকার ও বোরাকের মধ্যকার ম্যাচে। ১-০ গোলে এগিয়ে ছিল জেলেনিকার। পরাজয় কিছুতেই মানতে নারাজ বোরাক-সমর্থকেরা। ফলে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে বেজে ওঠে ‘যুদ্ধের দামামা’। প্রথমে জেলেনিকার খেলোয়াড়দের উদ্দেশে পাথর নিক্ষেপ শুরু করেন বোরাক-সমর্থকেরা। এরপর প্রতিপক্ষের সমর্থকদের ওপর চড়াও হন। শুরু করেন বেদম মারধর।

জেলেনিকার-সমর্থকেরাও দমবার নন। তাঁরাও পাল্টা জবাব দিতে শুরু করেন। শুরু হয় পটকা ও বারুদ নিক্ষেপ। স্টেডিয়ামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোড়া হয় অগ্নিগোলা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অগ্নিগোলা তো নয়; রীতিমতো মিসাইল! পুরো স্টেডিয়াম তখন কুরুক্ষেত্র। খেলোয়াড়েরা বিমূঢ় হয়ে ঠায় দাঁড়িয়ে তখন মাঠের মাঝখানে।

যুদ্ধের শুরু যেহেতু বোরাক-সমর্থকদের হাতে। ফলে তাঁদের ভালোই খেসারত দিতে হয়েছে। দেশটির ফুটবল অভিভাবক এনএফএসবিআইএইচ জেলেনিকারকেই ম্যাচ বিজয়ী ঘোষণা করে। বোরাককে গুনতে হয় চার হাজার চার শ ইউরো জরিমানা। এ ছাড়া পরের তিনটি ম্যাচে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বোরাক-সমর্থকদের ওপর। কদিন আগেই ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করেছে বসনিয়া-হার্জেগোভিনা। সে আনন্দের রেশ না ফুরোতেই দেশটির শীর্ষ দুটি ক্লাবের সমর্থকদের এমন কাণ্ড, অভব্যই বটে! সূত্র: মার্কা