ফুটবল মাঠের দস্যি ছেলেটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুয়ারে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে আলো ছড়াতে পারেন এমন ৩০ জন তারকাকে নিয়ে আমাদের নতুন ধারাবাহিক। তৃতীয় পর্বে থাকছে ইংল্যান্ডের ড্যানিয়েল স্টারিজকে নিয়ে বিশেষ রচনা—

এবার বিশ্বকাপে জ্বলে ওঠার অপেক্ষায় স্টারিজ।
এবার বিশ্বকাপে জ্বলে ওঠার অপেক্ষায় স্টারিজ।

২৪ বছর বয়সের স্টারিজ যখন মাঠে খেলতে নামেন, তখন তাঁর নিষ্পাপ চাহনিতে খেলা করে কৈশোরের ছাপ। কৃষ্ণকায় বর্ণের, ছিমছাম, ছোট ছাঁটের চুল, আলাদা করে দৃষ্টি কাড়ার মতো কিছু নেই। কিন্তু রেফারির খেলা শুরুর অনুমতিসূচক বাঁশি বাজার পরপরই ছেলেটার চোয়াল হয়ে যায় ইস্পাতদৃঢ়, প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার জন্য পা দুটো হয়ে ওঠে হিংস্র।

বল পায়ে এলেই সুযোগসন্ধানী হয়ে ওঠেন স্টারিজ, বুদ্ধিমত্তার ছাপ রেখে দুর্দান্ত ক্রস, নিখুঁত পাসে এগিয়ে যান প্রতিপক্ষের ডি-বক্সের সামনে। গোলমুখে মাথা ঠান্ডা রেখে হেড, জোরালো শট, চিপ এমনকি ব্যাকহিলে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিতে সিদ্ধহস্ত। নতুন এ সেনসেশন এবার লিভারপুলের হয়ে মাতিয়েছেন পুরো ফুটবল বিশ্ব। তিনি ড্যানিয়েল স্টারিজ।

১৯৮৯ সালে ইংল্যান্ডের বার্মিংহামে জন্ম স্টারিজের। মাত্র ৬ বছর বয়সেই যে বিস্ময়বালকের ফুটবল ক্যারিয়ার শুরু। শুরুটা স্থানীয় ক্লাব ক্যাডবেরি অ্যাথলেটিকের হয়ে। এরপর অ্যাস্টন ভিলার যুব একাডেমি, কভেন্ট্রি সিটি হয়ে মাত্র ১৩ বছর বয়সে সুযোগ পান ম্যানচেস্টার সিটির যুব একাডেমিতে। অসাধারণ স্কিল ও নৈপুণ্য দেখিয়ে পৃথিবীর সবচেয়ে বড় অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের আসরে সর্বোচ্চ গোলদাতা হন।

সিটির হয়ে বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোয় নিয়মিত সাফল্যে বড়দের দলে সুযোগ পাওয়া অবধারিতই ছিল। হলোও তা-ই। সিটির জার্সি গায়ে ২০০৭-০৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হলো স্টারিজের। সুযোগ পাওয়া প্রথম দুটি ম্যাচে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে তেমন একটা সুবিধে করতে পারেননি তিনি। কিন্তু এফএ কাপে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে গোল করায় কোচ স্টারিজকে লিগে প্রথমবারের মতো ম্যাচের শুরুতেই নামান। নেমেই বাজিমাত! গোল করে জানিয়ে দিলেন রিজার্ভ বেঞ্চে বসে থাকার মতো খেলোয়াড় নন তিনি! 

সিটির হয়ে সাফল্যের পর নিজেকে আরও বেশি শাণিত করার লক্ষ্যে যোগ দেন আরেক সফল ক্লাব চেলসিতে। ‘ব্লুজ’দের হয়েও ধরে রাখেন সাফল্যের ধারা। পরের বছরেই চেলসি তাঁকে ধারে খেলতে পাঠায় বোল্টন ওয়ান্ডার্সে। বোল্টনের হয়ে মাত্র ১২ ম্যাচে করেন ৮ গোল। চেলসিতে আবার ফিরে এসে ইনজুরির খড়্গে পড়লেও সুযোগ পাওয়া ম্যাচগুলোতে দেখিয়েছেন প্রাণচাঞ্চল্য, গোলের জন্য ব্যাকুলতা! কখনো গোল করেছেন, কখনো বা গোল বানিয়ে দিয়েছেন—স্পটলাইটে থাকতে আর কি চায়!

২০১৩ সালে চেলসি স্টারিজকে বিক্রি করে দেয় লিভারপুলের কাছে। স্টারিজের জীবনে শুরু হয় নতুন এক বর্ণিল অধ্যায়। ২০১২-১৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে ১৪ ম্যাচে ১০ গোল, তিনটি গোল বানিয়ে জানান দেন, এখানে তারকা হতেই তিনি এসেছেন, উপেক্ষিত হতে নয়! ২০১৩-১৪ মৌসুম তো পার করেছেন স্বপ্নের মতো। লুইস সুয়ারেজের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছেন! এ জুটির নৈপুণ্যে অনেক বছর পর স্বরূপে ফিরতে দেখা গেছে লিভারপুলকে, অল্পের জন্য প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি ‘অল রেডরা’। এ মৌসুমে লিভারপুলের হয়ে করেছেন ২৫ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি।

জাতীয় দলের হয়েও নিজেকে নিংড়ে দেন হালের এই সেনসেশন। খেলেছেন ইংল্যান্ডের প্রায় সবগুলো বয়সভিত্তিক দলেই। ৬ নভেম্বর, ২০১১ সালে ডাক পান ইংল্যান্ড জাতীয় দলে। বাছাইপর্বে চার ম্যাচে ২ গোল করে বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়েই নিয়েছেন।

১৪ জুন ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা। গ্রুপ ‘ডি’ তে অন্য প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা। খুব কঠিন গ্রুপেই পড়েছে ইংল্যান্ড। একটু হেরফের হলেই সব শেষ! বিশ্বকাপে ইংল্যান্ড দলে সাফল্যে এনে দিতে হলে জ্বলে উঠতে হবে স্টারিজকে। রুনির ফিটনেস সমস্যার কারণে ইংল্যান্ড দলের আক্রমণভাগের মূল দায়িত্ব সামলাতে হবে তাকেই।

কোচ রয় হজসনেরও অগাধ আস্থা স্টারিজের ওপর। যে ফর্মে আছেন স্টারিজ, তা যদি ধরে রাখতে পারেন তাহলে প্রতিপক্ষ দলগুলোর রক্ষণভাগকে দুশ্চিন্তায়ই থাকতে হবে। স্টারিজ-সুয়ারেজ; দুজন ঘনিষ্ঠ বন্ধু। খেলেন একই ক্লাবের হয়ে। দুজনই আক্রমণভাগের খেলোয়াড়। এই দুই গোলমেশিনের তাণ্ডবে তটস্থ হয়ে থাকতে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবগুলোকে। দুজন মিলে এ মৌসুমে করেছেন ৫২ গোল! অথচ এই বিশ্বকাপের গ্রুপ পর্বেই দুই বন্ধু কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। কারণটা সহজ— উরুগুয়ে আর ইংল্যান্ড যে এবার একই গ্রুপে!