ফুটবল রেফারি হচ্ছেন বিউটি

কেউ একজন তাঁকে বললেন, ‘আপনি তো ফুটবল রেফারিং করতে পারেন।’ ভেবে দেখলেন, ঠিকই তো। করলে তো ক্ষতি নেই। সেই চিন্তা থেকেই রেফারিংয়ের ওপর কোর্স করা, পরীক্ষা দেওয়া। পরীক্ষায় উত্তীর্ণও হতে যাচ্ছেন। আগামী সপ্তাহে বেরোবে ফল। যাঁর কথা বলা হচ্ছে, হয়তো নামটা কারও মাথায়ই আসবে না। নাজমুন নাহার বিউটি!
দেশের দ্রুততম মানবী বিউটি ফুটবল রেফারিং করবেন, এটা নিশ্চিত করেছেন তিনি নিজেই। কাল টেলিফোনে বললেন, ‘অ্যাথলেটিকস তো করছি, করব। একই সঙ্গে ফুটবলের রেফারিং যদি করি, মন্দ কী? একজন বলল, তাই পরীক্ষা দিলাম, ৭ দিনের কোর্সও হয়ে গেল চট্টগ্রামে। এখন ফলাফলের অপেক্ষা করছি।’
বিজেএমসির অ্যাথলেট বিউটি বর্তমানে চট্টগ্রামের হালিশহরে শারীরিক শিক্ষার ওপর ডিগ্রি নিচ্ছেন। ভবিষ্যতে শারীরিক শিক্ষক হিসেবে কোথাও যোগ দেওয়ার ইচ্ছে তাঁর। একই সঙ্গে ফুটবল রেফারিংও করতে চান। চট্টগ্রামে থাকার সুবাদে ফুটবল রেফারিংয়ে ওপর কোর্সটা স্থানীয় এমএ আজিজ স্টেডিয়ামে করেছেন গত ২৮ মে থেকে ২ জুন পর্যন্ত। অনেক পুরুষ প্রশিক্ষণার্থীর সঙ্গে যাতে বিউটি ছাড়াও ছিলেন চট্টগ্রামেরও দুজন নারী প্রশিক্ষণার্থী।
কোর্স পরিচালনা করেছেন বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান মনিরুল ইসলাম। বিউটিসহ অন্য দুই নারীর ফুটবল রেফারি হওয়ার ভালো সম্ভাবনাই দেখছেন তিনি, ‘বিউটি খুব ভালো পরীক্ষা দিয়েছে। আশা করছি উত্তীর্ণ হবে। অন্য দুই নারী প্রশিক্ষণার্থীরও পাস করার সম্ভাবনা আছে।