ফুটবল রেফারির ২১ বছরের জেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম তাঁর বায়রোন মনেরো। দেশ ইকুয়েডর। পেশায় একজন ফুটবল রেফারি। এই তথ্যগুলো তাঁকে চেনানোর জন্য যথেষ্ট নয়। তবে যেকোনো ইতালীয় ফুটবল সমর্থকের কাছে এই নামটি বলে দেখুন, রাগে-ক্ষোভে হয়তো খিস্তি শুরু করবেন তাঁরা। কারণ, ২০০২ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার কাছে যে ম্যাচটিতে ২-১ গোলে হেরে তাঁরা বিদায় নিয়েছিলেন, সেই ম্যাচে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের জন্য কুখ্যাতি অর্জন করেছিলেন তিনি। সে ম্যাচে ইতালির একটি নিশ্চিত গোল বাতিল করে দিয়েছিলেন। লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছিলেন দলের সেরা খেলোয়াড় ফ্রান্সেসকো টট্টিকে।সেই মনেরোকে এখন জেলের ঘানি টানতে হবে। কারণ, তিনি একজন মাদক ব্যবসায়ী। গত বছর নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তিনি নিউইয়র্ক পুলিশের হাতে দুই কেজি হেরোইন নিয়ে ধরা পড়েছিলেন। বিচারে তাঁর ২১ বছরের সাজা সাব্যস্ত করেছেন নিউইয়র্কের একটি জেলা আদালত। ফুটবল রেফারি হিসেবে ২০০২ সালের বিশ্বকাপে ইতালি-দক্ষিণ কোরিয়া ম্যাচই কেবল নয়, ইকুয়েডরীয় ফুটবল লিগেও তিনি যথেষ্ট বিতর্ক ছড়িয়েছেন। ২০০৩ সালে একটি লিগ ম্যাচে ১২ মিনিট অতিরিক্ত সময় খেলিয়ে ২০ ম্যাচের বহিষ্কারাদেশ পেয়েছিলেন তিনি। এর পর থেকে রেফারি পেশাটাই ছেড়ে দিয়েছিলেন তিনি। খেলাধুলার জগত্ থেকে দূরে যেয়ে বেছে নিয়েছিলেন মাদক ব্যবসার অন্ধকার জগত্। রয়টার্স।