ফুটবল লিগের আগমনধ্বনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ পেশাদার ফুটবল লিগ দরজায় কড়া নাড়ছে। নিজেদের প্রস্তুতি আরও জোরদার করেছে বাফুফে এবং ক্লাবগুলো।১৩ নভেম্বর লিগের উদ্বোধন সামনে রেখে গতকাল থেকে দলগুলোর ধারাবাহিক সংবাদ সম্মেলন শুরু করেছে বাফুফে। প্রথম দিনে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও গতবারের চতুর্থ দল বিজেএমসি কথা বলেছে বাফুফে ভবনে। ব্রাদার্সেরও কাল আসার কথা ছিল। কিন্তু তারা বাফুফে ভবনে না এসে নিজেদের ক্লাব ভবনেই সংবাদ সম্মেলন করবে পরে। পেশাদার ফুটবলে ক্লাবের কিছু দায়িত্ব থাকে। ম্যাচের আয়োজক তো তারাই। কিন্তু বাংলাদেশের ক্লাবগুলো প্রচারণা থেকে শুরু করে অনেক কিছুই করতে চায় না। প্রচারণাসহ সব কাজই করে বাফুফে। আজ থেকে বাফুফের উদ্যোগে ঢাকা শহরে নামার কথা ঘোড়ার গাড়ির বহর। সাতটি বড় বিলবোর্ড লাগানো হচ্ছে এই শহরে। এ ছাড়া রেডিও-টিভিতে থাকছে বিশেষ প্রচারণা।ম্যাচ সূচিতে আনা হয়েছে বড় পরিবর্তন। দর্শক আনতে শুক্র ও শনিবারের সঙ্গে বৃহস্পতিবার এবং প্রয়োজনে বুধবারও খেলা চালানো হবে বলে জানিয়েছিল বাফুফে। তবে ঘোষিত সূচিতে সপ্তাহে খেলা রাখা হয়েছে চার দিন। সূচি মেলাতে গিয়ে প্রতি সপ্তাহের শুক্র-শনিবার খেলা রাখা হয়নি। লিগে দল মাত্র নয়টি, সপ্তাহে ম্যাচ চারটি হওয়ায় একটি দল প্রতি সপ্তাহে বিরতি পাবে। ঢাকায় কিছু ম্যাচ পাঁচটায়, কিছু পৌনে পাঁচটায় শুরু হবে। ফেনী সকারের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল পাঁচটায় উদ্বোধনী ম্যাচটা খেলছে আবাহনী। পাঁচটি পেশাদার লিগের চারবারের বিজয়ী আকাশি-নীলরা এবার নামবে নতুন ইরানি কোচ আরদেশির পোরনেমাতকে নিয়ে। পোরনেমাত সপ্তাহ খানেক আবাহনীকে নিয়ে কাজ করে কিছু ধারণা পেয়েছেন। চান আরও কিছুটা সময়। তাঁর মূল সমস্যা খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি, এ জন্যই আবাহনী এবার ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে।‘খেলোয়াড়দের ফিটনেস বাড়াতে সময় লাগবে’—এসেই বলা এ কথাটা কালও বললেন পোরনেমাত। দলীয় ব্যবস্থাপক সত্যজিৎ দাসের পাশে বসে ৫৫ বছর বয়সী কোচ নিরাপদ জায়গায় দাঁড়িয়ে বললেন, ‘প্রতিপক্ষ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে শিরোপা ধরে রাখতে চাই। যদিও তা কঠিন হবে। আমাদের ট্যাকটিক্যালি, টেকনিক্যালি উন্নতি করতে হবে।’তবে দলে এরই মধ্যে উন্নতি দেখতে পাচ্ছেন অধিনায়ক ওয়ালি ফয়সাল। ‘আমরা পেছনে তাকাতে চাই না’ বলে জানালেন, ‘আগের ইরানি কোচ আলী আকবর কথা কম বলতেন। খেলোয়াড়দের সঙ্গে তাঁর একটা দূরত্ব ছিল। কিন্তু এই কোচ সবার সঙ্গে মিশছেন, সমস্যা নিয়ে কথা বলছেন।’ পোরনেমাতের কোচিং নিয়েও উচ্ছ্বসিত ওয়ালি, ‘চারটি বিষয়ে কোচ জোর দিচ্ছেন বেশি। বল নিয়ন্ত্রণ, শরীর নিয়ন্ত্রণ, মন নিয়ন্ত্রণ ও ম্যাচ নিয়ন্ত্রণ। আর চান অন্তত ৪০০ মিটার যেন আমরা একবারে দৌড়াই।’ওদিকে বিজেএমসির অধিনায়ক অমিত খান ‘দল গতবারের চেয়ে ভালো করবে’ এমন আশাতেই বসত গড়েছেন। এবারের তারুণ্যনির্ভর বিজেএমসির বড় শক্তি গোলরক্ষক আমিনুল। গতবার অনুশীলন মাঠ, আবাসিক ক্যাম্প নিয়ে নানা সমস্যায় ভোগা বিজেএমসি এবার সমস্যামুক্ত হয়ে ডেমরায় করিম জুট মিলের মধ্যে আবাসিক ক্যাম্প করছে। তাই কোচ জাকারিয়া বাবুর প্রত্যাশা ভালো ফল, ‘গতবার আমরা চতুর্থ হয়েছিলাম। এবার এক বা দুই নম্বরে থাকতে চাই।’বাংলাদেশ লিগের প্রথম সপ্তাহের সূচিতারিখ ম্যাচ ভেন্যু সময়১৩ নভেম্বর আবাহনী-ফেনী সকার বঙ্গবন্ধু স্টেডিয়াম বিকেল ৫টা১৪ নভেম্বর বিজেএমসি-শেখ জামাল বঙ্গবন্ধু স্টেডিয়াম বিকেল ৪টা মোহামেডান-ব্রাদার্স বঙ্গবন্ধু স্টেডিয়াম সন্ধ্যা ৬-১৫ মি.১৬ নভেম্বর মুক্তিযোদ্ধা-আরামবাগ গোপালগঞ্জ স্টেডিয়াম বিকেল ৩টা