ফুটবল শুরু, অপেক্ষায় ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামে বড় খেলা হতে পারে, কিন্তু বাংলাদেশ গেমসে ফুটবল সেভাবে আকর্ষণের কেন্দ্রে ছিল না কখনো। এবারই প্রথম গেমসে যোগ হওয়া ক্রিকেট তো অনেকটা হওয়ার জন্যই হচ্ছে।বগুড়ায় এক দিন পিছিয়ে ক্রিকেট শুরু হচ্ছে ২২ এপ্রিল। কমলাপুর স্টেডিয়ামে ফুটবল গড়িয়েছে কালই। তবে ফুটবলের শুরুটা হলো নিষপ্রভ, স্টেডিয়ামের ত্রিসীমানায় সামান্য একটা ব্যানার-ফেস্টুন পর্যন্ত নেই। এটি যে বাংলাদেশ গেমসের ফুটবল, বোঝার উপায় নেই।ফুটবল মাঠে বাফুফের কোনো কর্মকর্তার দর্শন মেলেনি। অলিম্পিক অ্যাসোসিয়েশনের কেউ ওদিকে পা বাড়াননি। খেলার জন্যই গেমস, অথচ খেলাটাই গুরুত্বহীন!দীনহীনভাবে শুরু হওয়া ফুটবলের প্রথম দিনে নোয়াখালী ২-০ গোলে রংপুরকে হারিয়েছে। ঝিনাইদহ-নওগাঁ ম্যাচ গোলশূন্য।ক্রিকেট শুরুর আগে চিত্রটা খুব জমাট কিছু হওয়ার ইঙ্গিত দিচ্ছে না। দলগুলোর প্রস্তুতি নেই বলে জানা যাচ্ছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামও কী প্রস্তুত? সেখানকার ভেন্যু ব্যবস্থাপক জামিলুর রহমান জানান, ‘খেলা আয়োজনের ব্যাপারটা ফোনে আমাদের বলা হয়েছে। তবে আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। আমরা প্রস্তুতি নিচ্ছি।’টি-টোয়েন্টি ক্রিকেট আয়োজনে বিওএ কোনো টাকা দিচ্ছে না। বাংলাদেশ ক্রিকেটে বোর্ড গেমসের জন্য নিজস্ব তহবিল থেকে খরচ করছে ৩৮ লাখ টাকা। বিওএ ক্রিকেটারদের দিচ্ছে শুধু ট্র্যাকস্যুট। ম্যাচ বলসহ বাকি সবই বিসিবি দিচ্ছে।তা-ও ভালো, শেষ পর্যন্ত গেমসে ক্রিকেট হচ্ছে। একটা সময় অনিশ্চয়তা ছিল। বিওএ টাকা দিতে পারবে না জানানোর পর বিসিবি সভাপতি আর্থিক দায়িত্ব নেন। খেলা হবে নকআউট পদ্ধতিতে। মানে প্রথম ম্যাচে হারলেই বিদায়। তাই গেমস ক্রিকেট নিয়ে দলগুলোর আগ্রহ খুবই কম।পাওয়া যাচ্ছে না জাতীয় দলের খেলোয়াড়দের। অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলছে। কাজেই তাদেরও পায়নি কোনো দল। তবে জাতীয় দলের বাইরে থাকা কয়েকজন নামী ক্রিকেটার আছেন খেলোয়াড়ের তালিকায়। ইলিয়াস সানি, মার্শাল আইয়ুব, মেহরাব জুনিয়র, আরাফাত সানি, তালহা জুবায়ের, শামসুর রহমানদের নিয়ে ভালো দলই গড়েছে ঢাকা মেট্রো। তবে খেলোয়াড় মাত্র ১৩ জন! নাফিস ইকবাল, আফতাব আহমেদ, নাজিমউদ্দিনরা খেলছেন চট্টগ্রাম বিভাগে। অলক কাপালি আছেন সিলেট বিভাগে। শামসুর রহমান গেমস হবে কি না তা নিয়ে দ্বিধায়। ফোনের অন্য প্রান্ত থেকে বললেন, ‘গেমস হবে কি না, সেটাই তো বুঝতে পারছি না। আমার কোনো প্রস্তুতি নেই। জাতীয় দলের হয়ে নেওয়া প্রস্তুতিই সম্বল। আমাদের ম্যানেজার কে তাই তো জানি না।’