ফুটবল-হকিতে এ কিসের আলামত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন রাখঢাক করে বলছেন, ‘ওরা দেশের জন্য শতভাগ দিতে তৈরি ছিল না।’ অন্যজনের মুখে লাগাম নেই। সরাসরিই বলে দিচ্ছেন, ‘দেশের প্রতি ওদের দায়বদ্ধতার অভাব আছে।’
লোভডিক ডি ক্রুইফ ও নাভিদ আলমের হাত ধরে দেশের ফুটবল-হকিতে শুরু হলো এক বিতর্ক। খেলোয়াড়েরা দেশের জন্য খেলছেন না! পা বাঁচিয়ে কোনো রকম মাঠ থেকে বেরোনোই অনেকেরই লক্ষ্য!
সদ্য শেষ হওয়া সাফ ফুটবল এবং এশিয়া কাপ হকি সেটিরই ইঙ্গিতবাহী হয়ে এসেছে। ফুটবল কোচ ডি ক্রুইফ কাঠমান্ডুতে বসেই অভিযোগের আঙুল তুলেছেন কয়েকজন খেলোয়াড়ের দিকে। একটা নাম তো সবার মুখে মুখেই। দেশের অন্যতম সেরা হিসেবে স্বীকৃত উইঙ্গার জাহিদ হোসেন মাঠে স্রেফ দাঁড়িয়ে ছিলেন বলে ক্ষুব্ধ ডাচ কোচ।
পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে শূন্য হাতে বিদায়ের পরদিন হোটেল লবিতে দাঁড়িয়ে এই প্রতিবেদককে বলছিলেন, ‘তোমাদের ফুটবলের উন্নতি কীভাবে হবে! কয়েকজন তো মাঠে দাঁড়িয়ে থাকল। খেললই না!
নাভিদ আলম তো এশিয়া কাপ নিয়ে তাঁর প্রতিবেদনে মাঠে শতভাগ দেননি, এমন অভিযোগ তুলেছেন স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি, মিডফিল্ডার কামরুজ্জামান রানা ও ইমরান আহমেদ পিন্টুর বিরুদ্ধে। অভিযোগ কতটা সত্য তর্কসাপেক্ষ, তবে এমন কিছু আলোচনায় আসাই তো ক্ষতিকর। পৃথিবীর আর কোথাও তো এমন শোনা যায় না! ক্লাব-জাতীয় দল দ্বন্দ্ব আছে প্রায় সব দেশেই, কিন্তু জাতীয় দলে নিজেকে উজাড় করে না দেওয়ার অভিযোগ শুধু বাংলাদেশে কেন?
এমনিতে দলের ব্যর্থতার দায় শুধু খেলোয়াড়দের কাঁধে চাপিয়ে পার পেতে পারেন না কোচ। ডি ক্রুইফ বা নাভিদ আলম তাই জবাবদিহির ঊর্ধ্বে নন। কিন্তু কাঠমান্ডুতে সাফে ফুটবল দলের খেলা দেখার পর কোচকে কাঠগড়ায় তোলার সুযোগ খুব কম।
কোচ তাঁর পরিকল্পনা দেবেন, মাঠে বাস্তবায়নের দায়িত্ব খেলোয়াড়দের। সেটি খেলোয়াড়েরা পারেননি। অনেকের গা ছাড়া ফুটবল চোখকে পীড়া দিয়েছে। সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম সেদিন টিভি টক শোতে আক্ষেপ করছিলেন সাফে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে। এই দলের স্ট্রাইকারদের নিয়ে তাঁর মন্তব্যটা তুলে দিতে হচ্ছে, ‘স্ট্রাইকারের গোল করার ক্ষুধাই তো দেখলাম না। প্রতিপক্ষ রক্ষণকে ভেঙে চুরমার করার মানসিকতা কই?’
সাফ ব্যর্থতায় বাফুফের তদন্ত কমিটির সামনে গত তিন দিনে যাঁরা এসেছেন, তাঁদের কথাবার্তায় এসব সত্য কমই উঠে এসেছে। অথচ স্ট্রাইকার গোল করতে না পারলে দল জিতবে কী করে? হকির অবস্থাও তাই। অবশ্য খেলোয়াড়দের অনেকেই কোচ নাভিদের মুণ্ডুপাত করছেন। জিমি তো এও বলেছেন, কোচ পর্যাপ্ত মিডফিল্ডার নিয়ে যাননি। স্থানীয় কোচ মাহবুব হারুনের অধীনে সাফল্য পাওয়া গোছানো দলটাকে ভেঙে ফেলেছেন। ফলে দলটা হয়ে পড়ে দিশাহীন। স্ট্রাইকার হলেও জিমিকে খেলিয়েছেন মাঝমাঠে। তবে এটাও ঠিক, জিমি প্রয়োজনে মাঝমাঠে খেলতে পারেন।
অতিরিক্ত অনুশীলনের চাপে ক্লান্ত ছিলেন, এই বক্তব্যই জোরালোভাবে সামনে আনছেন ফুটবলাররা। কিন্তু মাঠে তাঁদের চেষ্টার অভাব ছিল, এটা ভাবার কারণ আছে। গোটা দলকে খেলানোর মতো একজন নেতার অভাব ফুটে উঠেছে প্রতিটি ম্যাচে। চোটগ্রস্ত অধিনায়ক মামুনুল ইসলাম মাত্র ২০ মিনিট খেলেছেন টুর্নামেন্টে, বাকি সময়টা দর্শক। যদিও তাঁর চোট সত্যিই বড় কিছু ছিল কি না, সেই প্রশ্ন তুলেছেন খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনই।
সবচেয়ে আশ্চর্যের, গত মার্চেই কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপে যে ফুটবলটা খেলেছিল বাংলাদেশ, সেটি সাফে পুরোপুরি হাওয়া। প্রেসিং, বিল্ডআপ, উইং প্লে, ক্রস—কিছুই সেভাবে চোখে পড়েনি। মাঠের বাইরেও তো দলটাকে ঐক্যবদ্ধ লাগেনি।
মড়ার উপর খাঁড়ার ঘা, চোট লুকিয়ে দলের সঙ্গী হওয়া, চোটের অজুহাত দেখিয়ে না-খেলা, এসব ফিসফাসও চলছে। দুর্ভাগ্য বাংলাদেশের ফুটবলের, এমন অপ্রিয় সব কথা ফুটবলের বাতাস দূষিত করে তুলেছে।
এর পেছনে দলবদলের দায় দেখছেন অনেকে। নতুন ক্লাব থেকে টাকা পাওয়ার অপেক্ষায় অনেক খেলোয়াড়। পা বাঁচিয়ে না এলে টাকা মিলবে না, এই হুমকিও নাকি অনেক খেলোয়াড়ের সঙ্গী হয়েছিল কাঠমান্ডুতে। তাই তাঁরা ‘নিরাপদ’ থেকেছেন। সত্যি কথা বলতে, মাঠে কয়েকজনের নড়াচড়া সেটির পক্ষেই সাক্ষ্য দিচ্ছে।
এটা ঠিক খেলোয়াড়দের স্বাস্থ্যবিমা নেই। যেটি মাঝখানে চালু হয়ে আবার বন্ধ। বাংলাদেশে ফুটবলাররা আহত হলে কেউ খোঁজ নেয় না। এই অভিমানে তো চোট কাটিয়ে ডিফেন্ডার সুজন জাতীয় দলে কয়েক বছর খেলেনইনি! খেলোয়াড়দের স্বাস্থ্যবিমা দরকার, এটা স্বীকার করেছেন বাফুফের জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ। এখন সেটি হলেই হয়।
খেলোয়াড়দের পা বাঁচিয়ে খেলার অপবাদও দূর করা দরকার। যদিও কোচ শফিকুল ইসলাম মানিক বলছেন, ‘খেলোয়াড়েরা পা বাঁচিয়ে খেলেছে এটা বিশ্বাস করতে পারছি না।’ পরক্ষণেই বলতে বাধ্য হলেন, ‘কেউ তেমন খেলে থাকলে সেটি খুবই দুঃখজনক।’
এই ‘দুঃখজনক’ শব্দের গ্রাস থেকে দ্রুত মুক্তি দরকার বাংলাদেশের ফুটবল-হকির!