ফুটবল ‘উৎসবে’ বাংলাদেশ
টুর্নামেন্টের নামই অনূর্ধ্ব-১৪ ফুটবল ফেস্টিভ্যাল। কাঠমান্ডুতে আগামী ১০-২৪ মে অনুষ্ঠেয় টুর্নামেন্টে উৎসবই করতে যাচ্ছে বাংলাদেশ। কাল কমলাপুর স্টেডিয়ামে হলো অনূর্ধ্ব-১৪ দলের চূড়ান্ত বাছাই। অনুশীলনের জন্য তেমন সময়ই তো নেই। ১৭ মে নেপাল যাবে বাংলাদেশ।তবে আগামী ২ জুন নেপালেই শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলের বাছাইপর্ব। ভেন্যু কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম। এটাও হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ফেস্টিভ্যাল ফুটবলের বেশি গুরুত্ব পায়নি। না হলে এখনো কেন চূড়ান্ত দল নির্বাচন হবে না? ৫০ জনের একটি প্রাথমিক তালিকা এএফসিতে পাঠিয়ে বসে রয়েছে বাফুফে। এই ফুটবলারদের নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হবে আগামী পরশু। এখান থেকেই গড়া হবে চূড়ান্ত দল। এএফসি অনূর্ধ্ব-২২ টুর্নামেন্টের বাছাই পর্বের প্রস্তুতি নিয়ে গলদঘর্ম বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর আবু যোবায়ের নিপু। কাল জানালেন, ‘নির্বাচনের আগের দিন দল গড়ার দায়িত্ব পেয়েছি।’ তাহলে নির্বাচনের ডামাডোলে সবাই এই প্রতিযোগিতার কথা ভুলে বসে ছিলেন? বাংলাদেশ এবার খেলবে ‘ডি’ গ্রুপে। গ্রুপে আছে জর্ডান, নেপাল, উজবেকিস্তান ও ইয়েমেন। এমন কঠিন সব প্রতিপক্ষের সঙ্গে মাত্র অল্প কয়েক দিনের প্রস্তুতি নিয়ে কী করবে বাংলাদেশ? যোবায়েরের কথা, ‘আসলে যাওয়ার জন্যই যেতে হচ্ছে আমাদের। এভাবে খেলতে না যাওয়াই ভালো।’ গ্রুপ থেকে রানার্সআপ হলেও দ্বিতীয় রাউন্ডে ওঠা যাবে। যোবায়েরের চোখে যেটি বাংলাদেশের জন্য অলীক স্বপ্ন, ‘জর্ডান, ইয়েমেন, উজবেকিস্তানের মতো দলের বিপক্ষে জেতা কঠিন। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া দূরে থাক হয়তো রানার্সআপও হতে পারব না।’