ফুটবল ‘মিস’ করছেন গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মে থেকে আজ ৩০ জুন। পেপ গার্দিওলা ফুটবল থেকে দূরে আছেন এক মাসের কিছু বেশি সময় ধরে। সময়টা বেশি নয় মোটেই। তবে এরই মধ্যে ফুটবলকে ‘মিস’ করতে শুরু করেছেন বার্সেলোনার সাবেক এই ম্যানেজার। গোল ডটকমের খবরে এ কথা বলা হয়েছে।২৫ মে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে কোপা ডেল রের ফাইনালে সর্বশেষ ডাগ আউটে দেখা গিয়েছিল গার্দিওলাকে। বার্সার সঙ্গে থাকবেন না— ঘোষণাটা দিয়েছিলেন অবশ্য আরও আগে। গত ২৭ এপ্রিল সংবাদ সম্মেলন করে গার্দিওলা ঘোষণা দেন, বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তিনি। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে এটাই তাঁর শেষ মৌসুম। একই সঙ্গে গার্দিওলা এটাও জানান, আপাতত কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি। তবে মাত্র কয়েক সপ্তাহ যেতে না যেতেই ফুটবলের প্রতি টান অনুভব করছেন গার্দিওলা।মালয়েশিয়ায় সাংবাদিকদের গার্দিওলা বলেন, ‘সত্যি ফুটবলকে মিস করছি। বাবার সঙ্গে গলফ খেলতে খেলতে এরই মধ্যে ক্লান্ত হয়ে পড়েছি আমি।’ খেলোয়াড়ি জীবন নাকি ম্যানেজারের দায়িত্ব পালন কোনটা বেশি উপভোগ্য—এ প্রশ্নের জবাবে ৪১ বছর বয়সী গার্দিওলা বলেন, অবশ্যই ম্যানেজারের দায়িত্বটা বেশি উপভোগ্য। দলকে শৃঙ্খলার মধ্যে আনেন কোচ। তবে মাঠের ভেতরে খেলোয়াড়দের হাতেই সব ক্ষমতা। কোচ খেলার বাইরে থাকেন। রিমোট কন্ট্রোলের মতো দলকে নির্দেশনা দেন। তবে সত্যিকারের কাজটা করে খেলোয়াড়েরা। ২০০৮ সালে দায়িত্ব নিয়ে বার্সেলোনাকে ১৪টি শিরোপা এনে দেন গার্দিওলা। শেষ মৌসুমটা অবশ্য ভালো কাটেনি তাঁর। শীর্ষ দুটি শিরোপা স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ দুটিই অধরা থেকে যায়। তবে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে বিদায়ী ম্যাচে শিরোপার দেখা পান তিনি। ২০০৯ সালে বিলবাওকে হারিয়েই বার্সেলোনার হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন গার্দিওলা।