ফুটবলও বিকেএসপির সাফল্যগাথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বাংলাদেশ গেমস যেন বিকেএসপির একটা সাফল্যগাথা। সর্বশেষ ২০০২ বাংলাদেশ গেমসে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানটি জিতেছিল নয়টি সোনা। এবার সাঁতারে ১১, অ্যাথলেটিকসে ৬, জুডো-জিমন্যাস্টিকসে ৩টি করে মোট ২৫টি সোনা জিতল তারা গতকাল পর্যন্ত। কাল জিতে নিয়েছে ফুটবলের সোনাও। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবলের ফাইনালে বরিশালকে ২-১ গোলে হারিয়ে আনন্দ-উৎসব করেছেন বিকেএসপির তরুণ ফুটবলাররা। যোগ্যতর দল হিসেবেই তাদের জয়। প্রধান খেলোয়াড়দের অনেকেই খেলতে পারেননি, অষ্টম থেকে দশম শ্রেণীর খুদে খেলোয়াড়েরাই তাদের জয়ের নায়ক। বড়দের বিপক্ষে খেলে জাতীয় পর্যায়ের ফুটবলে সোনা জেতা বিকেএসপির জন্য এই প্রথম। যে কারণে সাফল্যটাকে বড় করেই দেখছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।এমনিতে জাতীয় পর্যায়ে যুব ফুটবলে খেলে বিকেএসপি। ঘরোয়া ফুটবলে আমন্ত্রিত হয়ে ফেডারেশন কাপ বা আরও দু-একটি আয়োজনে খেলার সুযোগ পায়। এই গেমসে খেলেছে জেলা ও সার্ভিসেস দলের সঙ্গে। কোচ ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় হাসান আল মামুনের ছোট ভাই হাসান আল মাসুদ।সবার চেষ্টায় এই সাফল্যে উচ্ছ্বসিত বিকেএসপির উপপরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার, ‘আমাদের ডিজি মহোদয় খেলোয়াড়দের সব সুযোগ-সুবিধা বাড়িয়ে দেন গেমস উপলক্ষে। খাওয়ার বরাদ্দ বাড়ান দ্বিগুণ। খুব ভালো প্রস্তুতি নিয়েছিলাম আমরা। এই যে আন্তরিক চেষ্টা, এটাই আমাদের সাফল্যের পথে নিয়ে গেছে।’ বিকেএসপির ফুটবল উপদেষ্টা ভারতীয় কোচ ড. বীরুমলের কথা, ‘বিকেএসপির ফুটবলাররা যে ভালোভাবেই গড়ে উঠছে, এই গেমসে সোনা জয় তারই উদাহরণ।’ ফাইনালে বিকেএসপির গোল দুটি করেন রোহিত সরকার। নোমান ১-১ করলেও বরিশালকে রুপা নিয়েই খুশি থাকতে হয়েছে। যদিও বরিশালের কোচ স্বপন দাস রেফারিং নিয়ে ক্ষুব্ধ ছিলেন, ‘মাত্র তিন দিনের প্রস্তুতি ছিল। তবু আমরা এত দূর এসেছি। ঢাকায় থাকা-খাওয়ার সমস্যা নিয়েই খেলতে হয়েছে। রেফারিং ভালো হলে ফাইনালে আমরা জিততেও পারতাম।’