ফুটবলকে বিদায় ক্যানাভারোর
ইতালি জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন গত বিশ্বকাপ-ব্যর্থতার পরই। এবার খেলোয়াড়ি জীবনেরই ইতি টানলেন ফ্যাবিও ক্যানাভারো। দীর্ঘ ২০ বছরের পেশাদার ফুটবলের পাট চুকিয়ে বুটজোড়া স্থায়ীভাবে তুলে রাখারই সিদ্ধান্ত নিলেন ইতালিকে ২০০৬ বিশ্বকাপ জেতানো অধিনায়ক। গতকাল আবুধাবিতে ফুটবলকে ‘বিদায়’ জানালেন আনুষ্ঠানিকভাবে। বর্ণাঢ্য ক্যারিয়ারে নাপোলি, পার্মা, ইন্টার মিলান, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলে গত মৌসুমে দুই বছরের চুক্তিতে যোগ দেন আবুধাবির আল আহিলতে। ‘বিদায়’—ছোট্ট এই শব্দটি উচ্চারণ করতে আবেগে গলা ধরে আসছিল বিশ্বজয়ী নায়কের, ‘এটা অবশ্যই দুঃখের দিন। ২০ বছর ধরেই আমার জীবনের সবচেয়ে বড় অংশটা ফুটবল। কিন্তু আমার কিছু করার নেই।’ক্যারিয়ারটা হয়তো আরও লম্বা হতো। কিন্তু চোট তাঁকে থামিয়ে দিল ৩৭ বছর বয়সেই। ‘চোট খেলোয়াড়ের জীবনেরই অংশ। কিন্তু এর পরও জীবন এগিয়েই যাবে। প্রত্যেকে খেলোয়াড়কেই একদিন সিদ্ধান্তটি নিতে হবে। আজ আমার দিন’—বলেছেন ইতালির জার্সি পরে সবচেয়ে বেশি (১৩৬টি) ম্যাচ খেলা ক্যানাভারো। ক্যানাভারো কাজ করবেন আল আহিলর টেকনিক্যাল উপদেষ্টা এবং শুভেচ্ছাদূত হিসেবে। তিন বছরের চুক্তিতে খুশি একমাত্র ডিফেন্ডার হিসেবে ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত ক্যানাভারো। রয়টার্স।