ফুটবলকে বিদায় ভেরনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন আগেই। এবার পেশাদার ফুটবলকেও বিদায় বলে দিলেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন। গত রোববার ইউনিয়ন ডি সান্তা ফের বিপক্ষে ম্যাচ ছিল তাঁর দল এস্তুদিয়ান্তেসের। ২-২ গোলে ড্র হওয়া এই ম্যাচ দিয়েই খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন আর্জেন্টিনার হয়ে তিনটি (১৯৯৮, ২০০২ ও ২০১০) বিশ্বকাপ খেলা মিডফিল্ডার।বিদায় বেলায় ভেরনকে সতীর্থরা শ্রদ্ধা জানিয়েছে তাঁর ‘১১ নম্বর’ লেখা জার্সি পরে। আর মুখে ছিল স্লোগান ‘ধন্যবাদ, জাদুকর।’ ৩৭ বছর বয়সী মিডফিল্ডারকে ডাকা হতো ‘ব্রুহিতা’, যার অর্থ ‘দ্য লিটল উইচ’। ডাকনামটা উত্তরাধিকার সূত্রে পাওয়া। এস্তুদিয়ান্তেসের হয়ে ষাট ও সত্তরের দশকে মাঠ মাতানো তাঁর বাবা হুয়ান রোমান পরিচিত ছিলেন ‘দ্য উইচ’ নামে। ভেরনও ক্যারিয়ার শুরু করেন নিজের শহর লা প্লাটার ক্লাব এস্তুদিয়ান্তেসেই, ১৯৯৫ সালে। ১৯৯৬ সালে সেখান থেকে বোকা জুনিয়র্স, পরে সাম্পদোরিয়া, পার্মা, লাৎসিও, ম্যানইউ, চেলসি ও ইন্টারমিলান হয়ে ২০০৬ সালে ফিরে যান শৈশবের ক্লাব এস্তুদিয়ান্তেসে। যেখানে শুরু, সেখান থেকেই বুটজোড়া তুলে রাখার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন আর্জেন্টিনার হয়ে ৭৩টি ম্যাচ খেলা ভেরন। এএফপি।