ফুটবলকেই বেছে নিলেন ভিয়া
ফুটবল বড়, না অর্থ?ডেভিড ভিয়া বেছে নিলেন প্রথমটাকেই।হুলুস্থুল ফেলে দেওয়ার মতোই ব্যাপার বটে। বার্সেলোনা ছেড়ে ভিয়া অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন গত পরশু। কিন্তু যে দামে, তা জেনে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ৫১ লাখ ইউরো দিয়ে ভিয়ার মাপের স্ট্রাইকারকে কেনা তো একরকম মুফতেই পাওয়া! তার ওপর বার্সা এখন পাবে মাত্র ২০ লাখ ইউরো। ভিয়া ২০১৪-১৫ মৌসুম পর্যন্ত থাকলে পাবে আরও ২০ লাখ। আর ২০১৫-১৬ পর্যন্ত অ্যাটলেটিকোতে থাকলেই শুধু মিলবে পুরো ৫১ লাখ ইউরো। এর মধ্যে ভিয়াকে বিক্রি করে দেওয়া হলে অবশ্য বার্সা তার ৫০ শতাংশ পাবে।কিন্তু হঠাৎ করেই ৩১ বছর বয়সী এই স্ট্রাইকারকে ছেড়ে দিল কেন বার্সেলোনা? যদ্দুর জানা যায়, ভিয়ার পীড়াপীড়িতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে কাতালান ক্লাবটিকে। এমনিতেই দলে জায়গাটা হয়ে পড়েছিল নড়বড়ে। গত মৌসুমে লা লিগায় মাত্র ১৭টি ম্যাচে ছিলেন প্রথম একাদশে। গোল পেয়েছেন মাত্র ১০টি। এর আগের মৌসুমের অবস্থা তো ছিল আরও খারাপ। ১৫ ম্যাচে মাত্র ৫ গোল! আর যা-ই হোক, স্পেনের সর্বকালের সেরা গোলদাতার নামের পাশে এই পরিসংখ্যান তো একেবারেই বেমানান!বয়সটাও পক্ষে নেই। ৩১ বছর বয়সে স্ট্রাইকাররা তো বেলা শেষের গানই শুনতে পান। কদিন আগেই ন্যু ক্যাম্পে এসেছেন নেইমার। বার্সেলোনায় ধীরে ধীরে আরও ব্রাত্য হয়ে পড়বেন, সেটা তো দিব্যদৃষ্টিতেই দেখতে পাচ্ছিলেন! তার ওপর আগামী বছরই বিশ্বকাপ। এমনিতেই স্পেন দলে আর আগের মতো ‘অটোমেটিক চয়েস’ নন। বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে হলে নিয়মিত খেলার বিকল্প নেই, সেটা বুঝতে পেরেই ‘ত্যাগ স্বীকার’ করতেও দ্বিধা করেননি ভিয়া।ত্যাগই বটে, বার্সেলোনায় বছরে সাকল্যে পেতেন ৬০ লাখ ইউরো। কিন্তু অ্যাটলেটিকোতে পাবেন এর চেয়ে ১৫ লাখ কম। তবে নিয়মিত যে খেলতে পারবেন, সেটা বলেই দেওয়া যায়। কদিন আগেই রাদামেল ফ্যালকাও চলে গেছেন মোনাকোতে। কলম্বিয়ান স্ট্রাইকারের শূন্যতা পূরণের দায়িত্বটা তো ভিয়াকেই নিতে হবে!তবে ভিয়া ক্যারিয়ারের গ্রাফটা যে এমন ধুপ করে নিচের দিকে নামবে, সেটা অনুমানের অসাধ্যই ছিল। মোটা দাগে একটা ঘটনার পরই উল্টো স্রোতে চলতে শুরু করে ক্যারিয়ার। ২০১১ সালে পা ভেঙে মাঠের বাইরে যাওয়ার আগ পর্যন্ত ভিয়া তো ‘ভিয়াই’ ছিলেন। বার্সার হয়ে অভিষেক মৌসুমেই করেছিলেন ১৮ গোল। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সেই দুর্দান্ত গোল তো এখনো ফুটবলপ্রেমীদের চোখে লেগে থাকার কথা! বার্সায় আসার মৌসুমেই তো বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।ক্যারিয়ারের স্বর্ণযুগটা ভিয়া কাটিয়েছিলেন ভ্যালেন্সিয়াতে। ১৬৬ ম্যাচে ১০৮ গোল তো একজন স্ট্রাইকারের জন্য দারুণ পরিসংখ্যানই। কিন্তু এসবই এখন অতীত। ভিয়াকে এখন থেকে নতুন ঠিকানায়, নতুন বেশে দেখা যাবে। আর কী অদ্ভুত কাকতাল, অ্যাটলেটিকোর হয়ে প্রথম বড় পরীক্ষাটাই হবে তাঁর জন্য স্মৃতিকাতর। ২১ আগস্ট স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে মুখোমুখি বার্সেলোনা-ভ্যালেন্সিয়া। লা লিগায় অবশ্য অভিষেক হয়ে যাওয়ার কথা এর কদিন আগেই। ওয়েবসাইট।