ফুটবলপাগল সেরেনা, বোঝেনই না শারাপোভা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলপাগল সেরেনা, খেলা বোঝেন না শারাপোভা। ছবি: রয়টার্স
ফুটবলপাগল সেরেনা, খেলা বোঝেন না শারাপোভা। ছবি: রয়টার্স

বিশ্বকাপ-জ্বরে কাঁপছে পুরো বিশ্ব! টেনিস তারকরা কেন এর বাইরে থাকবেন? এ কারণে উইম্বলডন চলার সময় সে ‘কাঁপন’ ছুঁয়ে যাচ্ছে টেনিস তারকাদের। অবশ্য সব টেনিস তারকা ফুটবলপাগল নন।
সেরেনা উইলিয়ামস বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কোনো খেলাই হাতছাড়া করছেন না। পাঁচবার উইম্বলডন বিজয়ী টেনিস তারকা বললেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য খুবই রোমাঞ্চিত। অবশ্যই আমার দেশ বলে।’ তবে মারিয়া শারাপোভা মোটেও বিশ্বকাপ নিয়ে উতলা নন। রুশকন্যা বললেন, ‘আপনাকে সোজাসাপ্টা বলি, ফুটবল অতটা বুঝি না।’
ওদিকে প্রথম রাউন্ডেই স্পেনের বিদায়ে ‘শোকাহাত’ রাফায়েল নাদাল। বললেন, ‘খুব খারাপ লাগছে। বিশ্বকাপে যা হলো, তাতে স্পেনের সবার মন খারাপ।’ তবে স্প্যানিশ টেনিস তারকা মোটেও ‘লা ফুরিয়া রোজা’দের মতো পারফরম্যান্স দেখাতে চান না উইম্বলডনে। জানালেন, ‘এখানে শীর্ষে থাকার ভাবনা আমার ভেতর কাজ করে সব সময়।’
কেবল মেসির কারণেই সাবেক এক নম্বর নারী টেনিস তারকা  ভিক্টোরিয়া আজারেঙ্কা সমর্থন করেন আর্জেন্টিনাকে। বললেন, ‘মেসিকে ভালোবাসি। আমার মনে হয়, সে সর্বকালের সেরাদের একজন।’
সার্বিয়ার নোভাক জোকোভিচ এবার সমর্থন করেছিলেন তাঁর প্রতিবেশী দেশ বসনিয়া ও ক্রোয়েশিয়াকে। প্রত্যাশা করেছিলেন, দলগুলোর মধ্যে দু-একটি অন্তত নক-আউট পর্বে যাবে। কিন্তু তিন দলের বিশ্বকাপ অধ্যায় প্রথম রাউন্ডেই শেষ! বললেন, ‘পৃথিবীর অর্ধেক লোক এখন বিশ্বকাপ দেখছে। আমিও ম্যাচগুলো দেখছি।’ এএফপি।