ফুটবলার খুঁজতে ক্রুইফের লন্ডন অভিযান
জাতীয় দলের জন্য সম্ভাব্য খেলোয়াড় খুঁজতে বাংলাদেশ ফুটবল দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের অনুরোধে বুধবার রাতে লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলারদের এক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাতীয় দলে সুযোগ পাওয়ার আশায় নতুন প্রজন্মের ৪০ জন বাংলাদেশি ফুটবলার রাতের কনকনে ঠান্ডায় পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিনে অ্যাস্ট্রোটার্ফের এই ম্যাচে অংশ নেন।ম্যাচটির আয়োজক বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন ইউকের কর্মকর্তা কামরুল ইসলাম প্রথম আলোকে জানান, ডি ক্রুইফ গত সপ্তাহে তাঁদের সঙ্গে যোগাযোগ করে এ ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন সম্ভব কি না, জানতে চান। ক্রুইফ গুগলে ব্রিটেনে বাংলাদেশি পেশাদার ফুটবলারদের বিষয়ে অনুসন্ধান চালিয়ে লিগ পর্যায়ের খেলোয়াড় আনোয়ারউদ্দিনের নাম জেনে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। আনোয়ার কয়েক বছর ধরে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ দল বার্নেট এফসি ও সাটন এফসিতে খেলছেন। ডি ক্রুইফ তাঁর সহকারী রেনে কোস্টার ও এজেন্ট এলফ্রেড ক্রুপেন্সকে নিয়ে মাঠে বসে এসব উত্সাহী তরুণের খেলা দেখেন। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসভিত্তিক স্পোর্টিং বেঙ্গল একাডেমি ছাড়াও ম্যানচেস্টারের ওল্ডহ্যাম, পশ্চিম লন্ডন, রেডব্রিজ ও নিউহ্যামের কয়েকজন উঠতি ফুটবলার ম্যাচে অংশ নেন। খুবই অল্প সময়ের মধ্যে এই ম্যাচের আয়োজন হলেও ডি ক্রুইফ তাতে সন্তোষ প্রকাশ করেন। বুধবার রাতে ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগে যখন বিশ্ব ক্লাব ফুটবলের দুই পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল, সেই একই সময়ে বাংলাদেশের কোচের নজর কাড়তে এসব ফুটবলার দক্ষতা ও সামর্থ্য প্রদর্শনে নিজেদের উজাড় করে দেন। ডি ক্রুইফ ও তাঁর দুই সহযোগী বুধবার সকালে লন্ডনে এসে পৌঁছান এবং বৃহস্পতিবার সকালেই তিনি লন্ডন ত্যাগ করেন। বাংলাদেশ জাতীয় দল গঠনের অংশ হিসেবেই ডি ক্রুইফের লন্ডনে এই ঝটিকা সফর। ব্রিটিশ বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বের অধিকারী ফুটবলারদের কেউ নির্বাচিত হয়েছেন কি না, তা অবশ্য তাত্ক্ষণিকভাবে তিনি জানাননি। ডি ক্রুইফ বিবিসির এশিয়ান নেটওয়ার্ক রেডিওকে বলেছেন, বাংলাদেশ যেহেতু একসময় ইংলিশ উপনিবেশ ছিল, সে কারণে ইংল্যান্ডে বাংলাদেশি জাতিগোষ্ঠী থাকার কথা। সেই সূত্রে অনুসন্ধান চালিয়েই তাঁদের লন্ডন অভিযান। তবে জানা গেছে, সদ্য বাবা হওয়ার কারণে এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার ব্যাপারে আনোয়ারউদ্দিনের কিছুটা অসুবিধা রয়েছে।