ফুটবলার স্টেইন!

সকাল থেকেই চট্টগ্রামের আকাশ অঝোরে কেঁদেছে। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়েরা কাল আর তাই মাঠেই গেলেন না, সবাই থেকে গেলেন হোটেলে। এরই মধ্যে বেলা দেড়টার দিকে খবর এল দিনের খেলা পরিত্যক্ত। বৃষ্টিমুখর দিনে অলস সময় কি আর কাটে? ডেল স্টেইন তাই তিতিবিরক্ত হয়ে টুইট করলেন, ‘ধুর, বৃষ্টি!’ খানিক পরে চোখে পড়ল হোটেলের পেছনে মসজিদ-সংলগ্ন চত্বরে ফুটবল খেলছে একদল কিশোর। ছবিটা টুইটারে পোস্ট করে স্টেইন লিখলেন, ‘সারা দিন রুমে বন্দী। ছেলেদের দেখে মনে হচ্ছে ওরা বৃষ্টিতে অনেক মজা করছে। আমারও কি যাওয়া উচিত?’
যেই ভাবা, সেই কাজ। নিরাপত্তা প্রটোকল ভেঙেই স্টেইন একটু পর কালো শর্টস আর সাদা স্যান্ডো গেঞ্জি পরে নেমে এলেন নিচে। খালি পায়ে বল নিয়ে দাপাদাপি করে যেন ফিরে গেলেন শৈশবে। কিশোরদেরও সারা জীবন গল্প করার মতো একটা অভিজ্ঞতা হয়ে গেল। পরে ইনস্টাগ্রামে ফুটবল-বিলাসের একটা ভিডিও পোস্ট করেছেন দক্ষিণ আফ্রিকান পেসার। সঙ্গে লিখেছেন, ‘হয়তো নিরাপত্তা প্রটোকল ভেঙেছি, কোচও খুব একটা খুশি হবেন না, কিন্তু লোভটা সামলাই কী করে?’ বিশ্বসেরা ফাস্ট বোলারের মধ্যে এমন দুরন্তপনা লুকিয়ে আছে, কে জানত!