ফুটবলার হওয়ার স্বপ্ন এঁকে বড় মঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক কিশোর-তরুণেরই স্বপ্ন থাকে বড় ফুটবলার হওয়া। এ জন্য প্রয়োজন একটা মঞ্চ। জাতীয় স্কুল ফুটবল সে রকম এক মঞ্চই হয়ে এল কিশোর-তরুণদের কাছে। প্রায় পাঁচ হাজার স্কুলের এক লাখ ছাত্র নিয়ে স্কুল ফুটবল—বাংলাদেশের ফুটবলে তো বটেই, এত বড় আয়োজন পৃথিবীর কোথাও হয় কি না, জানা নেই! স্কুল ফুটবলের ঢাকা মহানগরের খেলা শুরু হয়েছে কাল। খেলা তো নয়, যেন কিশোর-তরুণদের স্বপ্ন-আঁকা এক বিকেল। মহানগরের ৬৫টি স্কুলের মার্চপাস্ট, ব্যানার-ফেস্টুন, বাড়তি সাজসজ্জা, টিভিতে সরাসরি সম্প্রচার, ছোট্ট হলেও নেচেগেয়ে কচিকাঁচাদের উদ্বোধনী অনুষ্ঠান, অভিভাবকদের উপস্থিতি—সব মিলিয়ে মনে রাখার মতোই উপলক্ষ। উদ্বোধনের পর ম্যাচ হয়েছে একটি, সরকারি ল্যাবরেটরি হাইস্কুল তাতে ৩-১ গোলে হারিয়েছে কাকলি হাইস্কুলকে।প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁর বক্তব্যে বললেন, ‘আজকের প্রজন্মকে শুধু লেখাপড়া শেখালেই হবে না, খেলাধুলার মাধ্যমে পরিপূর্ণ বিকাশও ঘটাতে হবে।’ বাফুফের জাতীয় স্কুল ফুটবল কমিটির প্রধান মাহফুজুর রহমান দেখালেন বড় স্বপ্ন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যতের ফুটবলার খুঁজে বের করাই আমাদের অন্যতম লক্ষ্য।’উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ আরও অনেকেই। তবে বিশাল মঞ্চেও ঠাঁই হয়নি স্কুল ফুটবল কমিটির কো-চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলামের। অথচ অনেক পরিশ্রম করে তিনি এই টুর্নামেন্টটাকে মাঠে নামাতে রেখেছেন বড় ভূমিকা। সুযোগ বুঝে মঞ্চে উঠে অনেকেই এদিন প্রচার নিতে উৎসাহী হয়ে পড়লেন।