ফুটবলারদের আরও বিশ্রাম প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগে যাঁদের ওপর দৃষ্টি ছিল সবার, তাঁদের প্রায় প্রত্যেকেই নিজেদের মেলে ধরতে পারেননি। ব্রাজিলের কাকা, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, ইংল্যান্ডের ওয়েইন রুনি—কেউ নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ভালো খেলেছেন, কিন্তু তাঁদের মতো গোলের দেখা পাননি লিওনেল মেসিও। বিশ্বকাপ আসরে এসে কী হয়েছিল তারকাদের? এ প্রশ্নের বিশেষায়িত উত্তর হলো ফুটবলাররা পর্যাপ্ত বিশ্রাম না পাওয়া।দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ সফলভাবে আয়োজন করতে পারবে কি না, এ নিয়ে অনেক বিতর্কও ছিল। সবার আশঙ্কা মিথ্যা প্রমাণিত করে ঠিকই সফলভাবে বিশ্বকাপ শেষ করতে যাচ্ছে আফ্রিকা। আর এ জন্য কৃতিত্বের অনেকটাই দাবিদার ড্যানি জর্ডান। বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নির্বাহী হিসেবে সবকিছু তত্ত্বাবধান করেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে ড্যানি জর্ডান সকারনেটকে বলছেন, ‘বিশ্বকাপে ফুটবলারদের চাঙা থাকা অনেক বড় বিষয়। আমরা দেখেছি, ফুটবলারদের মধ্যে ক্লান্তি ছিল। তাঁরা কি তাঁদের সামর্থের ৭০ শতাংশও মাঠে দেখাতে পেরেছে? নাকি তার চেয়েও কম?’নিজের বক্তব্যের যথাযথ প্রমাণ দিতে গিয়ে জর্ডান বলছেন, ‘১৯৯৮ সালের বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ফুটবলার লুকাস র্যাদেবের সঙ্গে আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। সেখান থেকে বুঝেছি, বিশ্বকাপে ফুটবলারদের যে অতিরিক্ত শক্তি প্রয়োজন, তার চাপ শরীর অনেক সময় বহন করতে পারে না। এ ক্ষেত্রে বিশ্বকাপের আগে পর্যাপ্ত বিশ্রামের বিকল্প নেই।’