ফুটবলারদের কাছে সালাউদ্দিনের চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফে যত কিছুই করুক, জাতীয় দল সাফল্য না পেলে সবই শূন্য। কথাটা কদিন ধরেই সাংবাদিকদের কাছে বলে আসছিলেন কাজী সালাউদ্দিন। এবার ফুটবলারদেরও তা মনে করিয়ে দিলেন। জাতীয় দলের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের নিয়ে কাল বসেছিলেন বাফুফে সভাপতি। একেবারেই ঘরোয়াভাবে। খেলোয়াড়েরা ছাড়া আর কেউ তাঁর সঙ্গে ছিলেন না। সালাউদ্দিন উচ্চাকাঙ্ক্ষী, সাফল্য-বুভুক্ষু এক নেতা, স্বপ্ন দেখেন, দেখান। আপাত অসম্ভব মনে হলেও কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন এঁকে ঘোষণা করেছেন ‘ভিশন ২০২২’। কিন্তু টাকা কে দেবে? সবাই তো জাতীয় দলের ভালো ফল দেখতে চায়।এই যখন অবস্থা, সালাউদ্দিন ‘দ্বারস্থ’ হয়েছেন ফুটবলাদের। কারণ তিনি শুধু পরিকল্পনাই করতে পারেন, আসল চাবিকাঠি তো খেলোয়াড়দেরই হাতে। তাই ফুটবলারদের দিলেন পরিষ্কার এক বার্তা, ‘তোমরা মাঠে ভালো খেলো। ভালো ফল করো। নইলে তোমাদের অস্তিত্ব থাকবে না। দেশের ফুটবল তো বটেই, আমরা সবাই শেষ হয়ে যাব।’ফুটবলকে ওপরে তুলতে উচ্চবেতনে দুজন ডাচ্ কোচ নিয়োগ দিয়েছেন জাতীয় দলের জন্য। একাডেমি করছেন। হাতে নিয়েছেন অনেক ‘প্রকল্প’। ‘দামি কোচ এনেছি। টাকা নেই, তবু সাহস করেছি। এখন তোমরা রেজাল্ট দিলে স্পনসরদের কাছে টাকা চাইতে পারব। নইলে না। এখন টাকার জন্য স্পনসরের কাছে গেলে অনেকে মুখের ওপর না করে দেয়’—একটু হতাশা ঝরে তাঁর কণ্ঠে। কখনো প্রশাসকের ভূমিকায় রূঢ় কথা বলেছেন, কখনো বন্ধু, কখনো সত্যিকারের অভিভাবক সেজে কথা বলেছেন। নিজের খেলোয়াড়ি জীবনের অনেক উদাহরণ টেনেছেন। শেষে খেলোয়াড়দের সঙ্গে সেরেছেন মধ্যাহ্ন ভোজ। যা একেবারেই ব্যতিক্রমী। সালাউদ্দিনের নিজের ভাষায়, ‘আমার মূল্যবান সময় ওদের দিলাম শুধু ভালো ফলের আশায়।’ফুটবলাররা খুশি। তাঁদের সবার কথার প্রতিধ্বনি মিডফিল্ডার মামুনুলের কণ্ঠে ‘সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে সময়টা দারুণ কেটেছে আমাদের। নিজেদের ওপর প্রত্যাশাটা বেড়ে গেছে। চেষ্টা করব মাঠে সেরাটা দিতে।’এই সুযোগে ফুটবলাররা কিছু দাবি তুলে ধরেছেন। মিডফিল্ডার মারুফ বিদেশি খেলোয়াড় কমানোর কথা বললে সালাউদ্দিনের উত্তর ‘বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড লাইনে কারা খেলে দেখো। আবাহনীতে ওয়ালি, শেখ রাসেলের মামুনুলের জায়গায় তো বিদেশি আনেনি ক্লাব। সুতরাং ভালো খেলে দলে জায়গা নাও। তাহলে ক্লাব তোমাকে দরকার হলে বাড়ি থেকে ডেকে এনে খেলাবে।’ওয়ালি ফয়সাল ফুটবলারদের বেতন দেওয়ার দাবি তুলেছেন। সালাউদ্দিন আশার বাণীই শুনিয়েছেন, ‘টাকা পেলে মাসে এক-দুই লাখ টাকা করে জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড়কে বেতন দেব। স্পনসরের কাছে যেতে হলে আগে তো কিছু সাফল্য চাই।’ মোটকথা, জাতীয় দলের সাফল্যের জন্য সালাউদ্দিন তৃষ্ণার্ত হয়ে উঠেছেন। এতটা ব্যাকুল তাঁকে আগে দেখা যায়নি। নেপালে ২-৬ মার্চ চ্যালেঞ্জ কাপের প্রথম দুটি ম্যাচ দেখবেন মাঠে বসে। ম্যানেজার ইকবাল হোসেনকে আগামীকালই পাঠিয়ে দিচ্ছেন কাঠমান্ডু, যাতে দলের থাকা-খাওয়ার ভালো ব্যবস্থা আগেই করে রাখা যায়। এসব আয়োজনের মধ্যমণি যিনি, সেই জাতীয় দলের ডাচ্ কোচ লোভডভিক ডি ক্রুইফ আজ সকালে সহকারী রেনে কোস্টারকে নিয়ে ঢাকায় নামছেন। এসেই নেমে পড়বেন হয়তো খেলোয়াড়দের উজ্জীবিত করতে। কোচের কাজটা একটু সহজই করে রাখলেন সালাউদ্দিন।