ফুটবলারদের দলবদল নিয়ে গোঁজামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর বলা হয়েছিল, প্রতি বছর আগস্টে দলবদল হবে। সেপ্টেম্বরে খেলা শুরু। কোনোভাবেই এর ব্যত্যয় হবে না। এই সূচিটা প্রথম মৌসুমে অনুসরণ করা গেলেও দ্বিতীয় মৌসুমেই সবকিছু ফিরে গেছে আগের অবস্থায়।কথা ছিল, দলবদল শুরু হবে ১ সেপ্টেম্বর। চলবে ২০ তারিখ পর্যন্ত। নির্ধারিত ওই সূচি অনুযায়ী দলবদল শুরু হওয়ার দুই দিন আগে কাল এক মাসের জন্য তা পিছিয়ে দেওয়ার ঘোষণা এল। পূর্বসূচি অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে ফেডারেশন কাপ দিয়ে মৌসুম গড়াবে (৭ অক্টোবর শুরু), দলবদল ১-৭ অক্টোবর। দলবদল যেদিন শেষ, সেদিনই খেলা শুরু! এটাকে গোঁজামিল ছাড়া আর কী বলা যায়!ক্লাবগুলো বরাবর বলে আসছিল, দলবদলের পর প্রস্তুতির জন্য ৫-৬ সপ্তাহ সময় দিতে হবে। এখন দলবদল পেছানোয় তারা কখন সেই প্রস্তুতি নেবে? এটা বড় প্রশ্ন। তবে ভেতরের খবর অন্য। ঈদুল ফিতরের কারণে এই সময় টাকা-পয়সার সমস্যা আছে দু-একটি বাদে বাকি সব ক্লাবেরই। অনেক ক্লাবই নাকি দলবদল করতে রাজি নয় এই সময়ে।দলবদল পেছানোর দাবি ছিল ৭টি ক্লাবের (ব্রাদার্স, আরামবাগ, ফরাশগঞ্জ, রহমতগঞ্জ, ফেনী সকার, চট্টগ্রাম আবাহনী ও চট্টগ্রাম মোহামেডান)। তাদের যুক্তি ছিল, এশিয়ান গেমস ও ঈদুল আজহার ছুটির কারণ দেখিয়ে নভেম্বরে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে লিগ কমিটি ক্লাবগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। অক্টোবরে ফেডারেশন কাপ শুরু করে নভেম্বরে খেলা নেই—এটা কী করে হয়! শেষ পর্যন্ত নভেম্বরে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখে মাঝখানে দলবদল পেছানো হলো।দলবদল-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বাংলাদেশ লিগ কমিটির, কিন্তু কাল দলবদল পেছানো হলো বাফুফের জরুরি কমিটির সভা ডেকে। লিগে গোলরক্ষকসহ পাঁচ বিদেশি খেলানোর আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে এই সভায়।