ফুটবলারদের দলবদল নিয়ে তামাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার সময় বাড়িয়ে ফুটবলারদের দলবদল কার্যক্রমকে হাস্যকর করে তুলেছে বাফুফে ও ক্লাবগুলো। সর্বশেষ গতকাল জরুরি সভায় বসে দলবদলের তারিখ ১৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে লিগ কমিটি। আগের সূচি অনুযায়ী দলবদল শেষ হওয়ার কথা ছিল আজই।
দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতাকে কারণ দেখিয়ে আটটি ক্লাব দলবদলের সময় আরও বাড়াতে চিঠি দিয়েছিল বাফুফেকে। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই দলবদল আরও একবার পেছানো হলো। ৪ নভেম্বর ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা ছিল। সেটি শুরু হবে ২০ নভেম্বর।
লিগ কমিটির সভায় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তাঁর কথা, ‘ক্লাবগুলোকে বলেছি, দলবদল হয় এখনই করুন, নইলে জাতীয় নির্বাচনের পর। তারা নভেম্বরেই করতে রাজি হয়েছে।’
কালকের সভায় খেলোয়াড়দের মাসিক বেতনপদ্ধতি অনুযায়ী টাকা দেওয়ার নিয়মটাকে কঠোর করার সিদ্ধান্ত হয়েছে। পেশাদার ফুটবল মানে খেলোয়াড়দের মাসিক বেতনপদ্ধতি। এটা বাফুফের কেতাবে থাকলেও কাজে নেই। ক্লাবগুলো খেলোয়াড়দের সঙ্গে অনেক আগেই প্রায় পুরো টাকা দিয়ে ফেলে আর খেলোয়াড়দের অনেকে দুই ক্লাব থেকে টাকা নিয়ে একটা নাটক সাজান প্রতিবছরই।
এমন অবস্থায় আগামী মৌসুম থেকে ক্লাবগুলো খেলোয়াড়দের চুক্তির ১০ শতাংশ টাকার বেশি অগ্রিম দিতে পারবে না, বাকি টাকা প্রতি মাসে বেতনপদ্ধতিতে দিতে হবে। টাকা নেওয়ার ভাউচারে বাফুফের একজন প্রতিনিধির স্বাক্ষর রাখার নিয়মও রাখা হয়েছে। ক্লাব খেলোয়াড়দের বেতন না দিলে বাফুফে তা নিজ তহবিল থেকে দেবে। পরে ওই বেতনের টাকা সমন্বয় করা হবে ক্লাবগুলোকে দেওয়া বাফুফের অনুদান থেকে।