ফুটবলারদের নীরবে দলবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ফুটবল লিগ শেষ হতে আরও ছয় রাউন্ড বাকি। তবে তত দিন পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় অনেক দলই। এরই মধ্যে কয়েকটি দল নতুন মৌসুমের দল গঠন শুরু করে দিয়েছে। এ তালিকায় সবার আগে শেখ জামাল।কয়েকটি বিশ্বস্ত সূত্রের দাবি, শেখ জামাল ছয়জন খেলোয়াড়ের দলভুক্তি নিশ্চিত করেছে। তাঁরা সবাই মুক্তিযোদ্ধার খেলোয়াড়—ডিফেন্ডার আরিফ ও সৈকত, মিডফিল্ডার শাকিল, নাসির ও আলমগীর রানা এবং গোলরক্ষক মোস্তাক। আরিফ নাকি সর্বোচ্চ ২৮ লাখ টাকা পাচ্ছেন। ওদিকে মুক্তিযোদ্ধা থেকে স্ট্রাইকার মিঠুন ও ডিফেন্ডার রেজাউলকে শেখ রাসেল নিয়েছে বলে গুঞ্জন আছে।তবে কোনো পক্ষই এর সত্যতা স্বীকার করেনি। লিগ শেষ না হওয়া পর্যন্ত কোনো খেলোয়াড় প্রকাশ্যে চুক্তি করতে পারবেন না। এ কারণে এ ধরনের চুক্তি হয় কঠোর গোপনীয়তায়। কাল এ ব্যাপারে জানতে চাইলে শেখ জামালের সভাপতি মনজুর কাদের বললেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে কিছু বলব না। কারণ, এটা অনৈতিক। তবে এটা ঠিক, আমরা চ্যাম্পিয়ন দল গড়ব।’ শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী নতুন কাউকে নেওয়ার ব্যাপারটা অস্বীকার করে বলেছেন, ‘এমন কিছু হয়নি।’তবে মুক্তিযোদ্ধা যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই দলটির ভেতরে এ নিয়ে উদ্বেগ আছে। প্রকাশ্যে কেউ কিছু বলতে চান না। কোচ শফিকুল ইসলাম বলছেন, ‘দলবদলের ব্যাপারে আমি কিছু জানি না। এখন শুধু ম্যাচ নিয়েই ভাবছি আমরা।’