ফুটবলারদের সভায় ফুটবলারই নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভাটা ফুটবলারদের, কিন্তু ফুটবলাররাই গরহাজির। কাল বিকেলে এই দৃশ্য দেখা গেল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির অফিসে। সেখানে এদিন সভা ডাকা হয়েছিল বিদেশি ফুটবলারদের আগ্রাসন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য। এখন সাতজন বিদেশি নিবন্ধন, এক ম্যাচে খেলতে পারছেন চারজন। গতবারের মতো এই নিয়ম এবারও বলবৎ রেখেছে বাফুফে। ফুটবলাররা আগেও এর প্রতিবাদ করেছেন, কাজ হয়নি। বাফুফের বিদেশি ফুটবলারপ্রীতি কমেনি। এবারও বিদেশি না কমায় ফুটবলাররা আন্দোলন করার কথা ভাবছেন। তবে কাল সভা ডেকেও হাতে গোনা কয়েকজন মাত্র ফুটবলারের উপস্থিতিও প্রশ্ন তুলে দিচ্ছে, আদৌ ফুটবলাররা বিদেশি আগ্রাসন নিয়ে চিন্তিত কি না। খেলোয়াড় কল্যাণ সমিতির নামে আহূত সভায় ছিলেন না সমিতির সাধারণ সম্পাদক বাফুফের সহসভাপতি আরিফ খান জয়।সমিতির অফিসে গিয়ে পাওয়া গেল সমিতির সভাপতি ইকবাল হোসেনকে, যিনি এখন বাফুফের সদস্য। ছিলেন সাবেক ফুটবলার মাসুদ রানা। এ ছাড়া এসেছেন আমিনুল, লিটন, শুভ্র, কাঞ্চন, আবুলসহ হাতে গোনা চার-পাঁচজন। বর্তমান জাতীয় দলের কোনো খেলোয়াড়কে অনুষ্ঠানে দেখা যায়নি। এর কারণ হিসেবে জানানো হলো, বর্তমান জাতীয় দলের খেলোয়াড়েরা ঢাকার বাইরে। তাই আসতে পারেননি। এই অবস্থায় সভাটা হয়নি। জানানো হয়েছে, ৩০ জুলাই খেলোয়াড়েরা একত্র হবেন এবং বিদেশি কমানোর দাবিতে বাফুফেকে স্মারকলিপি দেওয়া হবে। এ রকম কথা আগেও ফুটবলারদের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু সবই কথার কথা রয়ে গেছে। অবশ্য বাফুফের কাছে দাবি জানিয়ে কতটা লাভ হবে, সে প্রশ্নও থেকে যাচ্ছে। কেননা, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বিদেশি না কমানোর কথা বলে দিয়েছেন। তিনি বিদেশিদের সঙ্গে লড়াই করে খেলতে স্থানীয় খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন। সালাউদ্দিনের কথাবার্তায় বোঝা যাচ্ছে, বাংলাদেশের ফুটবলকে তিনি ইউরোপ বানাতে চান। তাই বিদেশিদের দরজা খোলা রাখতে তাঁর আপত্তি নেই! সালাউদ্দিন এমন কথাও বলেছেন, ফুটবলাররা নাকি ‘চিট’ করে ক্লাব থেকে টাকা নিচ্ছেন। তাঁরা ভালো খেলার কোনো চেষ্টা করেন না। সালাউদ্দিন সাংবাদিকদের বলেছেন, ‘আমি খেলোয়াড়দের চিট করে টাকা নিতে দেব না।’তাঁর এই বক্তব্যের পরও নিশ্চুপ ফুটবলাররা। খেলোয়াড় কল্যাণ সমিতি নখদন্তহীন এক বাঘ হয়ে আছে। সবার এই নির্লিপ্ততায় এএফসি যুব ফুটবলে নেপালের কাছে বাংলাদেশ এখন চার গোলে উড়ে যায়!