ফুটবলারদের 'অদ্ভুতুড়ে' গিয়ার

গত রোববার রিয়াল মাদ্রিদের সংবাদ সম্মেলনে হাজির হওয়া ক্রিস্টিয়ানো রোনালদো নজর কেড়েছিলেন সবার। রোনালদো এমন একজন, সবার চোখ এমনিতেই থাকে তাঁর ওপর। সুদর্শন রোনালদো একই সঙ্গে ফ্যাশন-সচেতনও। এদিন রোনালদোর নতুন চশমা চোখে পড়েছিল অনেকের।
তবে শুধু ফ্যাশনের কারণে নয়, ফুটবলারদের সঙ্গী হয় এমন অনেক জিনিস, যেগুলো নজর কাড়ে আলাদা করে। সেগুলো নিয়েই আমাদের এই বিশেষ ফিচার।
রুনির মাথায় ব্যান্ড: একবার মাথায় ‘হেড গিয়ার’ লাগিয়ে মাঠে নেমেছিলেন ওয়েইন রুনি। অবশ্য ফ্যাশনের অংশ হিসেবে বা নজরকাড়ার জন্য এটি করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। অনুশীলন করতে গিয়ে ইউনাইটেড-সতীর্থ ফিল জোনসের সঙ্গে ধাক্কা লেগে মাথা ফেটে গিয়েছিল রুনির। সেলাই পর্যন্ত করতে হয়েছিল। এ কারণে জাতীয় দল ইংল্যান্ডের হয়ে বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারেননি। সুস্থ হয়ে যখন ইউনাইটেডের হয়ে ফিরলেন, তখন সতর্ক রুনি। মাঠে নামলেন হেড গিয়ার লাগিয়ে, ফাটা মাথায় কারও ঠোকাঠুকি লেগে যেন আবার কিছু না হয়ে যায়!
নাক বাঁচাতে তোরেসের মাস্ক: চেলসি-সতীর্থ দেম্বা বা ও জন টেরির বুটের খোঁচা লেগে নাকে আঘাত পেয়েছিলেন ফার্নান্দো তোরেস। পরবর্তী সময়ে স্প্যানিশ এই ফরোয়ার্ড মাঠে নেমেছিলেন বিশেষ ধরনের মাস্ক পরে। অন্তত নাকটা তো বাঁচাতে হবে!
পিওতোর চেকের ‘হেড গিয়ার’: ন্যাড়া নাকি একবারই বেলতলায় যায়। প্রবাদটা সার্থক করে চলেছেন পিওতোর চেক। আইরিশ খেলোয়াড় স্টিফেন হান্টের সঙ্গে ধাক্কা লেগে মাথায় বড় ধরনের আঘাত পেয়েছিলেন তিনি। সেটা কয়েক বছর আগের কথা। সেই থেকে পুরো মাথায় ‘হেড গিয়ার’ দিয়ে মুড়িয়ে মাঠে নামেন চেলসির এই গোলরক্ষক। একটু অস্বস্তি হয়তো লাগে, কিন্তু মাথার নিরাপত্তাটাই তো সবার আগে!
‘স্পাইডারম্যান’ গুতিয়েরেজ: ঠিক পুরোদস্তুর স্পাইডারম্যানের মতো নয়, ‘স্পাইডারম্যান মাস্ক’ পরেন হোনাস গুতিয়েরেজ। গোল করার পর প্রায়ই এ মাস্ক পরেন নিউক্যাসলের আর্জেন্টাইন এই মিডফিল্ডার। গুতিয়েরেজ একা নন, মাস্ক পরে গোল উদযাপন করতেন ফুলহামের সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার ফাকুন্দো সাভাও। তবে প্রতিপক্ষের গোলমুখে ততটা সফল ছিলেন না বলে কম সময়ই এমন উদযাপন করার সুযোগ পেয়েছেন তিনি।
তেভেজের চুষনি: বাচ্চাদের খেলার সামগ্রী চুষনি মুখে লাগিয়ে নিজের গোল উদযাপন! বিস্ময়কর হলেও এমন কাণ্ডই করেছিলেন কার্লোস তেভেজ। ঘটনাটা ২০০৮ সালের। আর্জেন্টাইন ফরোয়ার্ড তখন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতেন।
কিগানের ‘শর্ট শর্টস’: খাটো শর্টস পছন্দ ছিল কেভিন কিগানের। আশির দশকে ফুটবল মাঠে ইংলিশ এই স্ট্রাইকারের সংক্ষিপ্ত পোশাক দৃষ্টি কাড়ত সবার।
ডেভিডের ‘ভয়ংকর’ গগলস: গ্লুকোমা ধরা পড়ায় চশমা পরতে বলা হয়েছিল অ্যাডগার ডেভিডসকে। ফ্যাশন-সচেতন এই ডাচ ফুটবলার সাধারণ কোনো চশমা নয়, পরতেন বিশেষ ধরনের গগলস। ওটা পরে ডেভিডসকে এতটাই অদ্ভুত আর ভয়ংকর লাগত যে সমালোকেরা ওই গগলসকে ফ্যাশনের বিরুদ্ধে এক ধরনের ‘অপরাধ’ হিসেবে অভিহিত করেছিল।