ফুটবলে আজ ভোটযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফে ভবনে সাজসাজ রব। হওয়ারই কথা। অনেক অপেক্ষার নির্বাচন আজ। তবে নির্বাচনী তোড়জোড়ের বাইরে বিদায়ের সুরও বাজছে। বর্তমান কমিটির আজই শেষ দিন। বিদায়ী কমিটির অনেকে হয়তো নতুন কমিটিতে থাকবেন না। নতুন কমিটির হাতে সমর্পিত হবে দেশের ফুটবলের হারানোর গৌরব ফিরিয়ে আনার চ্যালেঞ্জ।সব প্রস্তুতি শেষ। নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকার নিম্ন আদালতে দুই ডিএফএ কর্মকর্তার করা মামলা খারিজ। নির্বাচন পর্যবেক্ষণ করতে এসে গেছেন ফিফার সদস্য এই অঞ্চলের উন্নয়ন কর্মকর্তা মনিলাল ফার্নান্দো। সবকিছু ঠিকঠাকই আছে। আজ বেলা ১১টায় শুরু বার্ষিক সাধারণ সভা। যদিও প্রতিবছর সাধারণ সভা করার বাধ্যবাধকতা থাকলেও সেটির তোয়াক্কা করা হয়নি এত দিন। আলোচিত এই নির্বাচনে ভোট গ্রহণ শুরু বেলা দুইটায়। চলবে ছয়টা পর্যন্ত। ভোটার ১২২ জন। গোটা ফুটবলেরই প্রার্থনা, যোগ্য নেতৃত্বই যেন ফুটবলে আসে। ভোটাররা যাতে প্রলোভনে পড়ে অদক্ষ নেতৃত্ব বেছে না নেন। ফুটবল এমনিতেই ধুঁকছে। বলিষ্ঠ নেতৃত্ব না এলে ফুটবল আরও পেছনের দিকেই হাঁটবে বলে মনে করছেন সবাই।এই নির্বাচনে সবচেয়ে বড় দিক প্রার্থী জোয়ার! ২১টি পদে প্রার্থী ৫২ জন। প্রার্থী হতে কাউন্সিলর (ভোটার) হওয়া আবশ্যক নয়—এবার হঠাৎ এ নিয়ম আবিষ্কৃত হয়েছে। ফলে ফুটবলে অনেক ‘ডুমুরের ফুল’ এসে প্রার্থী হয়ে গেছেন।গতবারের মতো সবচেয়ে আকর্ষণীয় হতে পারত সভাপতি পদে নির্বাচন। কিন্তু এই পদে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনই একমাত্র প্রার্থী। যদিও কাগজে-কলমে সভাপতি পদে থাকছে আবদুর রহিমের নামও। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ার পর তিনি সরে দাঁড়ান, কিন্তু নির্বাচনী আইনে রহিম এখনো বৈধ প্রার্থী।নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, রহিমের নাম ব্যালট পেপারে থাকবে। বেশি ভোট পেলে তিনি সভাপতি নির্বাচিত হবেন! অবশ্য সেই সম্ভাবনা নেই বললেই চলে। সভাপতি পদে সালাউদ্দিনের জয় সময়ের ব্যাপার। তবে বাকি ২০ পদে তীব্র লড়াই হচ্ছে। সালাউদ্দিন ছাড়া আর কেউই ‘নিশ্চিত জয়’ ধরে নিতে পারছেন না। এটা বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে ভিন্ন মাত্রা এনেছে। বাংলাদেশে ফেডারেশন নির্বাচন মানে ফোরামের আশীর্বাদ নিয়ে একতরফা ভোট। অনেক ক্ষেত্রে ভোটও হয় না। নির্বাচনে একটা পক্ষ নানা ছলছুতোয় ওয়াকওভার নেয়। সেদিক থেকে ফুটবলের নির্বাচন সত্যিকারের নির্বাচনী উত্তাপ ছড়ায়। গোটা ক্রীড়াঙ্গনেরই আগ্রহের কেন্দ্রে এই নির্বাচন। প্রার্থীদের ঘুম নেই। অবিরাম চলছে প্রচারণা। হোটেলে হোটেলে সভা। কে কোন ভোটারকে পাকড়াও করে হোটেলে রাখবেন সেই প্রতিযোগিতা চলছে। চলছে টাকার খেলাও। এই সুযোগে ভারী হয়ে উঠছে অনেকের পকেট। উপরন্তু বেশির ভাগ ভোটারই নতুন। ফুটবলে অচেনা। অনেক প্রার্থী তো ‘অতিথি পাখি’ খেতাব পেয়ে গেছেন। পরীক্ষিত সংগঠকেরা বলছেন, ‘অতিথি পাখিরা’ তো চলে যাবে ভোট শেষে। যা-ই হোক, ভোটারদের নিয়ে চলছে কাড়াকাড়ি। তীব্র রাজনৈতিক তদবির আছে কারও কারও পক্ষে। ফলে কোণঠাসা প্রতিষ্ঠিত অনেক প্রার্থী।গতবার ভিন্ন মেরুতে থাকলেও এবার বাদল-হারুনেরা সালাউদ্দিনকে নিয়ে নির্বাচনী মাঠে। মজাটা এখানেই। গত চার বছরে বাফুফেতে অনেক দ্বন্দ্ব ছিল বলে শোনা যায়, যে কারণে এই কমিটি দেশের ফুটবল ইতিহাসে সেরা কমিটি হয়েও অনেক কাজ করতে পারেনি বা করেনি। তবে এবার সম্মিলিত ঐক্য পরিষদ গঠন করেছেন তাঁরা। ফুটবলে উন্নয়নে দিচ্ছেন অনেক প্রতিশ্রুতি।এই পরিষদকে চ্যালেঞ্জ দিয়ে মাঠে আছে ‘ফুটবল বাঁচাও’ পরিষদ। নেতৃত্বে সাবেক ফুটবলার গোলাম রব্বানী (হেলাল), আরিফ খান জয়-শফিকুল ইসলাম মানিকেরা। তবে প্রার্থীরা বেশি ব্যস্ত নিজেকে নিয়েই। সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী পাঁচজন। চারটি সভাপতি পদে নয়জন। ১৫টি সদস্য পদে ৩৬ জন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এত প্রার্থীর নির্বাচনের উদাহরণ আর নেই!