ফুটবলে আবার বর্ণবাদের বিষ
হঠাৎ করেই যেন স্রোতের মতো বর্ণবাদের বিষ ছড়িয়ে পড়ছে ফুটবলে। লুইস সুয়ারেজ-প্যাট্রিস এভরার ঘটনার রেশ এখনো চলছে। জন টেরি-অ্যান্টন ফার্ডিনান্ডের ঘটনা তো আদালতেই বিচারাধীন। এরই মধ্যে আবার উঠল বর্ণবাদের অভিযোগ। এবার অভিযোগ ম্যানচেস্টার সিটির। ইংলিশ ক্লাবটির দাবি, তাদের দুই খেলোয়াড় মারিও বালোতেল্লি ও ইয়া তোরে বর্ণবাদী আচরণের শিকার। বালোতেল্লি-তোরেকে বর্ণবাদী গালি দিয়েছে এফসি পোর্তোর সমর্থকেরা।গত বুধবার ইউরোপা লিগের ম্যাচ খেলতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পোর্তোর এস্তাদিও দো দ্রাগো স্টেডিয়ামে যায় ম্যান সিটি। প্রথমে পিছিয়ে পড়েও ম্যান সিটির ২-১ গোলে ম্যাচ জিতে নেয় ইংলিশ ক্লাবটি। এ ম্যাচেই পোর্তোর সমর্থকেরা সিটির ওই দুই খেলোয়াড়ের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছে বলে জানিয়েছে বিবিসি। সিটির কর্মকর্তারাই বিবিসিকে বিষয়টা নিশ্চিত করেছে। যদিও ম্যাচ শেষে ম্যান সিটির ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি বলেছেন, তিনি কিছুই শোনেননি, ‘চিৎকার-চেঁচামেচিতে আমি কান দিইনি। আমার মনোযোগ ছিল খেলায়।’ কিন্তু বালোতেল্লি ম্যাচ শেষে সিটির কর্মকর্তাদের জানিয়েছেন, গ্যালারি থেকে বর্ণবাদী গালি দেওয়া হয়েছে তাঁকে উদ্দেশ করে। তোরে নিশ্চিত করেছেন, গ্যালারি থেকে ‘কঠিন কিছু’ বলা হয়েছে তাঁকেও। এরপরই সিটির ঘোষণা, বিষয়টি উয়েফাকে জানানো হবে। এএফপি।