ফুটবলে আরও দুটি মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মাঠে যেন করুণ মৃত্যুর মিছিল শুরু হয়েছে। গত শুক্রবার রোমানিয়ান লিগে ডায়নামো বুখারেস্টের হয়ে খেলতে গিয়ে মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন ক্যামেরুনিয়ান মিডফিল্ডার প্যাট্রিক একেং। হাসপাতালে নিয়ে যাওয়ার ঘণ্টা খানেক পরই চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না-ফেরার দেশে চলে যান একেং। এরপর দুদিন না যেতেই আরও দুই ফুটবলারের মৃত্যু!

শনিবার ব্রাজিলের রিও স্টেট চ্যাম্পিয়নশিপে ফ্রিবারগিনসের হয়ে খেলতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন ২৬ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার বার্নার্দো রিবেইরো। মাঠে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ব্রাজিলিয়ান এ ফুটবলার।

একই দিন ক্যামেরুনের একটি মহিলা দলের গোলরক্ষক জেনি ক্রিস্টেলে জোমাংও একটা প্রস্তুতি ম্যাচের সময় হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাঁর মৃত্যুর কারণ এখনো বলতে পারছে না ক্যামেরুন ফুটবল ফেডারেশন, অপেক্ষা করা হচ্ছে চিকিৎসকদের প্রতিবেদনের জন্য। এএফপি।