ফুটবলে আরেকটি মৃত্যু
ইতালিয়ান ফুটবলে গত শনিবারটা শুরু হয়েছিল অন্যান্য শনিবারের মতোই। কিন্তু সন্ধ্যা হতে না-হতেই সেটি হয়ে গেল দেশটির ফুটবল ইতিহাসের করুণ এক দিন। এই দিন স্থানীয় সময় বেলা ৩টায় সিরি ‘বি’র সাতটি ম্যাচে মাঠে নেমেছিলেন ১৭৬ জন ফুটবলার। তাঁদের ১৭৫ জনই ঘণ্টা দুয়েকের মধ্যে আবারও ফিরেছেন ড্রেসিংরুমে। বাকি একজন আর ফেরেননি। ফিরবেন কী করে, লিভর্নোর মিডফিল্ডার পিয়েরমারিও মোরোসিনি তখন সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন। চলে গেছেন না ফেরার দেশে, পেসকারার বিপক্ষে ম্যাচের ৩১ মিনিটে হূদ্যন্ত্রের বৈকল্যে মাঠে ঢলে পড়েন। হাসপাতালে নেওয়ার পর ২৫ বছর বয়সী এই ফুটবলারকে মৃত ঘোষণা করা হয়। ফুটবল মাঠে মৃত্যু তাঁর করাল থাবা দিয়েছে অনেকবারই। ছিনিয়ে নিয়ে গেছে অনেক তরুণ তাজা প্রাণ। মার্ক ভিভিয়েন ফো, আন্তোনিয়ো পুয়ের্তা, দানিয়েল জার্করাই এর উদাহরণ। কয়েক দিন আগে ইংল্যান্ডের এফএ কাপের এক ম্যাচে হার্ট অ্যাটাকের শিকার হয়েও অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন বোল্টনের ফ্যাব্রিস মুয়াম্বা। কিন্তু ভাগ্য ফিরে তাকাল না মোরোসিনির দিকে। মোরোসিনির ভাগ্যটাই ছিল খারাপ। ১৫ বছর বয়সে মা ক্যামেলিয়াকে হারানোর দুই বছরের মধ্যেই হারিয়েছেন বাবা আলদোকেও। ইতালি অনূর্ধ্ব-২১ দলের সাবেক এই ফুটবলারের ছিল এক ভাই ও এক বোন, দুজনই শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী ভাইটি বছর কয়েক আগে জানালা দিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করলেন। আর এবার বড় বোনটাকে একা করে নিজেই চলে গেলেন উদিনেসে থেকে ধারে লিভর্নোতে খেলা এই ফুটবলার।পরশু বিকেলে মাঠে অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি। স্টেডিয়ামের প্রবেশপথে থামিয়ে রাখা পুলিশের গাড়ির জন্যই এই বিপত্তি। সতীর্থরাই স্ট্রেচার ধরে তাঁকে নিয়ে যান অ্যাম্বুলেন্সের কাছে। দেরি হয়ে যায় কয়েক মিনিট। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন এতে কিছু এসে-যায়নি। অল্প সময়ের মধ্যে পরপর তিনবার হার্ট অ্যাটাক হওয়ায় তাৎক্ষণিকই মৃত্যু হয়েছে তাঁর। মোরোসিনির এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইতালির ফুটবলে। স্থগিত করা হয়েছে এই সপ্তাহান্তের সব ফুটবল ম্যাচ। শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কয়েক মিনিট আগে স্থগিত করা হয় এসি মিলান ও জোনোয়ার ম্যাচটি। সানসিরো স্টেডিয়ামে ম্যাচ পরিত্যক্তের ঘটনাটিকে হাততালি দিয়েই স্বাগত জানায় দর্শকেরা। ফুটবল-বিশ্বকে নাড়িয়ে দেওয়া এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার থেকে শুরু করে অনেকেই। দাবি উঠেছে ফুটবলারদের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষারও। এএফপি, ওয়েবসাইট।