ফুটবলে ইবোলা-আতঙ্ক
মহামারির মতো ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাস। পশ্চিম আফ্রিকায় ইবোলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃতের সংখ্যা সাড়ে চার হাজারের কাছাকাছি। আফ্রিকান দেশগুলোতে ভ্রমণও এখন ঝুঁকিপূর্ণ। এই মরণব্যাধির ঝাঁপটা যে ফুটবলে লাগবে তাতে আর আশ্চর্য কী! গত সপ্তাহে আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে খেলতে অনেক আফ্রিকান ফুটবলার উড়ে গিয়েছিলেন নিজ নিজ দেশে। এখন তাঁদের ইউরোপে ফেরা নিয়ে ঘনীভূত হয়েছে ভয়-আশঙ্কার বাষ্প। কেউ যদি সঙ্গে করে ইবোলা ভাইরাস বয়ে নিয়ে আসেন!
এই মুহূর্তে পুরো ইউরোপজুড়েই দানা বাঁধছে ভীতিটা। আগামী জানুয়ারি থেকে মরক্কোয় অনুষ্ঠেয় আফ্রিকান নেশনস কাপ হবে কি না, সেটি নিয়েই সৃষ্টি হয়েছে সংশয়। ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপও বলছেন, এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা উচিত, ‘সত্যিটা হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আমি বেশ উদ্বিগ্ন। যখন একটা দেশ ঠিকঠাক সমাধান বের করতে পারছে না তখন আমাদের ভাবনার কারণ আছে। চোখ বন্ধ করে “যেমন চলছে চলুক না” বলার এখন অধিকার নেই আমাদের।’ জানা গেছে, আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ঘানা এবং দক্ষিণ আফ্রিকার কাছে জানতে চেয়েছে তারা টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুত কি না।
অবশ্য ইউরোপীয় ক্লাবগুলোর কোচদের আফ্রিকান নেশনস কাপ নিয়ে মাথা ঘামানোটা স্বাভাবিক। ইউরোপে আফ্রিকান ফুটবলারের সংখ্যা তো নেহাত কম নয়। অনেক ক্লাব তাই খেলোয়াড়দের আফ্রিকায় যাওয়ার অনুমতিই দেয়নি। স্প্যানিশ ক্লাব রায়ো ভায়েকানো যেমন গত সপ্তাহে তাদের গিনিয়ান খেলোয়াড় লাস বাঙ্গুরাকে ক্লাবে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। শালকে কোচ রবার্তো ডি মাত্তেও স্বীকার করেছেন, ব্যাপারটা যথেষ্ট উদ্বেগের। নিউক্যাসলের আইভরিয়ান মিডফিল্ডার চেক টিওটে ও সেনেগালিজ স্ট্রাইকার প্যাপিস সিসে গত পরশু ফিরেছেন ইংল্যান্ডে। ইংলিশ ক্লাবটির কোচ অ্যালান পার্ডু স্বীকার করেছেন, দুজনের জন্য তাঁরা বিশেষ ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেছেন।
কিছুদিন আগেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে মাইকেল এসিয়েন ইবোলায় আক্রান্ত হয়েছেন। পরে এসি মিলানের ঘানাইয়ান মিডফিল্ডার বলেছেন, এটা স্রেফ গুজব। তবে ইবোলা-জুজু যে কতটা আতঙ্ক ছড়াচ্ছে, সেটা বলে না দিলেও চলছে! এএফপি।