ফুটবলে উত্তাল প্যারিস-মিউনিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ সেরাদের টুর্নামেন্ট—কথাটা আরও বেশি করে বোঝা যাচ্ছে আজ। ইংল্যান্ডের কোনো দল এবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারেনি। তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাকি চারটি লিগেরই শীর্ষ দল মাঠে নামছে আজ। প্যারিসে প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি বার্সেলোনা। মিউনিখে বায়ার্ন মিউনিখ-জুভেন্টাস মহারণ।প্রতিবেশী দুই দেশের দুটি শহর যেন মিলে যাচ্ছে একই স্রোতে। উত্তেজনায় টগবগ করছে আসলে গোটা বিশ্বই। সেটি টের পাওয়া যাচ্ছে একটা তথ্যেই। বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটি হবে পিএসজির মাঠ পার্ক ডে প্রিন্সেসে। এই ম্যাচের টিকিট চেয়ে আবেদন করেছিল ১০ লাখ দর্শক! বার্সেলোনা গত সাত মৌসুমে তিনবারের চ্যাম্পিয়ন। সেখানে পিএসজি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলছে ১৮ বছর পর। সর্বশেষ কোয়ার্টার ফাইনালে তারা খেলেছিল ১৯৯৫ সালে। সেবার এই বার্সেলোনাকে হারিয়েই উঠেছিল সেমিফাইনালে! এবারও তার পুনরাবৃত্তির স্বপ্নই দেখছে আমূল বদলে যাওয়া পিএসজি।যদিও মৌসুমে এই প্রথম কোনো ম্যাচে পিএসজি মাঠে নামছে ‘আন্ডারডগ’ হিসেবে! পিএসজির ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি প্রতিপক্ষকে ফেবারিট বলছেন বটে; তবে খেলোয়াড়দের উজ্জীবিত করছেন জয়ের মন্ত্রেই, ‘আমরা একটা দল হয়ে মাঠে নামব এবং খেলার চেষ্টা করব। এই ম্যাচের জন্য খেলোয়াড়েরা খুশি। উদ্বেগের কারণ একটাই, আমরা অসাধারণ একটা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি।’পিএসজির প্রস্তুতিটাও হয়েছে দারুণ। গত শুক্রবার গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন মঁপেলিয়েকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থানে আরও জাঁকিয়ে বসেছে আনচেলত্তির দল। অন্যদিকে লা লিগায় বার্সার শেষ ম্যাচটা ভালো যায়নি। শনিবার সেল্টা ভিগোর সঙ্গে ২-২ ড্র করেছে তারা। তবে ওই ম্যাচেই লিগের সব দলের বিপক্ষে গোল করার রেকর্ড গড়ে মেসি জানিয়েছেন, আন্তর্জাতিক বিরতি তাঁর ছন্দে ছেদ ফেলতে পারেননি।তা ছাড়া ম্যাচটি যখন চ্যাম্পিয়নস লিগের, বার্সেলোনা অনুপ্রাণিত হতে পারছে আগের ম্যাচটি থেকেই। মিলানের মাঠ থেকে ২-০ গোলে হেরে এসেও ফিরতি লেগে ৪-০ গোলে জিতে শেষ আটে বার্সেলোনা। আজ বার্সা শিবিরে এর চেয়েও বড় অনুপ্রেরণার নাম টিটো ভিলানোভা। ক্যানসারের সঙ্গে লড়াই করতে থাকা কোচকে আজ ডাগ-আউটে পাচ্ছে কাতালানরা।মিউনিখে লড়াইটা হবে বায়ার্নের আক্রমণ বনাম জুভেন্টাসের রক্ষণ। শিরোপা প্রায় পকেটে পুরে ফেলা বায়ার্ন লিগে ২৭ ম্যাচে করেছে ৭৮ গোল। খেয়েছে মাত্র ১৩টি। ফ্রাঙ্ক রিবেরি, টনি ক্রুস, মানজুকিচ, মুলার মিলেই করেছেন ৪০ গোল। এঁদের সঙ্গে জুভেন্টাসের ভয়ের কারণ হয়ে থাকবেন শনিবার হামবুর্গের বিপক্ষে বায়ার্নের গোলবন্যার ম্যাচে ৪ গোল করা ক্লদিও পিজারোও। কিন্তু প্রতিপক্ষের ধারালো আক্রমণকে ভোঁতা করে দেওয়ার বিদ্যাটা ভালোই জানা জুভেন্টাসের। বোনুচ্চি, বারজাল্লি, কিয়েল্লিনিরা মিলে জুভেন্টাসের রক্ষণে গড়ে তুলেছেন দুর্ভেদ্য দেয়াল। শেষ প্রহরী জিয়ানলুইজি বুফন তো আছেনই। এবারের চ্যাম্পিয়নস লিগে এ পর্যন্ত মাত্র ৪টি গোল খাওয়া জুভেন্টাসের রক্ষণকে দুর্ভেদ্যই বলছে। তা ছাড়া হাতের কাছে অনুপ্রেরণার উৎস তো আছেই। রক্ষণের জোরেই ২০০৩ ও ২০০৭ সালে দুবার শিরোপা জিতেছিল এসি মিলান। বোনুচ্চি তাই বলছেন, ‘আমরা হয়তো আলেসান্দ্রে নেস্তা, পাওলো মালদিনি, ফ্যাবিও ক্যানাভারোর মতো নই। তাদের পর্যায়ে যাওয়া অসম্ভব। তবে আমরাও খুব খারাপ করছি না। আমাদের কোচ আন্তোনিও কন্তের অধীনে আমরা প্রচুর উন্নতি করছি।’ এএফপি, রয়টার্স।বার্সেলোনা-পিএসজি ম্যাচরাত ১২-৪৫ মিনিট থেকে সরাসরি দেখাবে টেন অ্যাকশন