ফুটবলে এ কী নৃশংসতা!
বিশ্বকাপের বাকি নেই এক বছরও। অথচ ব্রাজিলে সামাজিক অস্থিরতা থামছে তো না-ই, বরং বাড়ছে দিন দিন। এমনিতেই সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সারা দেশ। এবার ফুটবল মাঠে এদিন যা ঘটল তাতে বিশ্বকাপের নিরাপত্তাব্যবস্থা প্রশ্নবিদ্ধ হলো আবারও। খেলার মাঠে হাতাহাতি পর্যন্ত মানা যায়, তাই বলে খুনোখুনি! এটাই ঘটেছে গত পরশু উত্তর ব্রাজিলের পিও টুয়েলভ শহরে।
৩০ বছর বয়সী শৌখিন খেলোয়াড় জোসেনির দস সান্তোসকে মাঠ ছেড়ে চলে যেতে বলেছিলেন রেফারি অক্টাভিও দা সিলভা। রেফারির বয়স অবশ্য খেলোয়াড়ের চেয়ে পাকা ১০ বছর কম, মাত্র ২০। দস সান্তোস মাঠ ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। তর্কাতর্কির একপর্যায়ে তাঁকে ছুরি মেরে বসেন রেফারি দা সিলভা। এরপরের ঘটনাটা রীতিমতো বীভৎস। ক্ষুব্ধ সমর্থকেরা ধরে বেঁধে ফেলে রেফারিকে। ওখানেই শেষ নয়, পাথর ছুড়ে ও পিটিয়ে মেরে ফেলা হয় তাঁকে। শরীর থেকে আলাদা করে ফেলা হয় মাথা। মাথাটা পরে গেঁথে রাখা হয় মাঠের মাঝখানে। এই পৈশাচিক ঘটনার পর একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। এখনো মূল হোতারা ধরা পড়েনি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। রয়টার্স, ওয়েবসাইট।