ফুটবলে এক নতুন ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপা জয়ের চাপ নেই; কাল অনুশীলনে ফেনী সকারের খেলোয়াড়েরা তাই হয়তো ফুরফুরে (বাঁয়ে)। চাপটা বেশি বলেই কি মোহামেডান খেলোয়াড়দের মুখগুলো গম্ভীর (ডানে) দেখাল অনুশীলনে? প্রথম আলো
শিরোপা জয়ের চাপ নেই; কাল অনুশীলনে ফেনী সকারের খেলোয়াড়েরা তাই হয়তো ফুরফুরে (বাঁয়ে)। চাপটা বেশি বলেই কি মোহামেডান খেলোয়াড়দের মুখগুলো গম্ভীর (ডানে) দেখাল অনুশীলনে? প্রথম আলো

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আঁকা আছে অনেক ফাইনালের স্মৃতি। আজ সেখানে দেখা যাবে বাংলাদেশের ফুটবলের নতুন এক ছবি।
মোহামেডান বনাম ফেনী সকার—এমন ফাইনাল কারও কল্পনায়ও উঁকি দেয়নি এই স্বাধীনতা কাপের শুরুতেও। দুই বছর আগে এই টুর্নামেন্টেরই শেষ লড়াইয়ে শেখ রাসেলের সামনে ঠিক যেভাবে দাঁড়ায় ফরাশগঞ্জ। পুরান ঢাকার দলটি শিরোপা জিতেই শেষ করেছিল স্বপ্নযাত্রা।
ফেনী সকারের শেষটা তেমন না হলেও বা ক্ষতি কী! এই প্রথম জাতীয় স্তরে কোনো টুর্নামেন্টের ফাইনালে আসাই অনেক বড় প্রাপ্তি। চ্যাম্পিয়ন হলে তো সোনায় সোহাগা।
ফেনী সকারের অধিনায়ক আকবর হোসেন রিদন কাল বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে যথার্থই বললেন, ‘আমরা যা পেয়েছি, এককথায় অতুলনীয়। ফাইনালে খেলা মানে বিশাল পাওয়া। চ্যাম্পিয়ন না হলেও ক্ষতি নেই। ফাইনালে খেলব, এটাই আমাদের ভাবনায় ছিল না কখনো।’
থাকবে কী করে! চলতি প্রিমিয়ার লিগের প্রথম পর্বে সকার সবার নিচে। নয় ম্যাচে জয়হীন থেকে অবনমনের শঙ্কা দেখছে। সেই দলের এমন রূপান্তর ফেনীবাসীর কাছেও বড় এক বিস্ময়। আজ ফেনী থেকে আসছে অনেক সমর্থক। দলটির খোঁজ নিয়েছেন ফেনীর সাংসদেরা। ঢাকায় থাকা শিল্পপতি থেকে সাধারণ ফেনীবাসীর অনেকে মাঠে আসবেন বলে খবর।
সকারের আশার তরি তীরে ভেড়ানোর দায়িত্ব কাঁধে নিয়েছেন নবাগত তিন গাম্বিয়ান ল্যান্ডিং দারোবি, কাব্বা জোবে ও ম্যাথু মেন্ডিং। এই খেলোয়াড়দের ঢাকায় এনেছেন সকারের গাম্বিয়ান কোচ ওমর সিসে। খুবই চতুর সিসের কোচিং আদর্শ স্পেনের ভিসেন্তে দেল বস্ক। প্রয়োজন অনুযায়ী কৌশল সাজাতে পারেন ভালোই।
ফাইনালের তাই অন্য নাম দেওয়া যেতে পারে—সকারের চার গাম্বিয়ান বনাম মোহামেডান। মাঠে ল্যান্ডিং, কাব্বা ও ম্যাথু। মাঠের বাইরে সিসে। আরেকটা নাম দেওয়া যায়—সকারের আক্রমণ বনাম মোহামেডানের রক্ষণ। জোনাল মার্কিং রেখে মূলত প্রতি-আক্রমণের কৌশলেই বেশি যান সিসে। তবে স্বাধীনতা কাপে আক্রমণাত্মক ফুটবলই খেলে এসেছে সকার। সবার চেয়ে বেশি ৯ গোল করে আক্রমণের ধারটাও দেখিয়েছেন ল্যান্ডিংরা।
মোহামেডানের সামনে এঁরাই বড় বাধা। এমনিতে নামের ভারে যোজন যোজন এগিয়ে থাকা সাদা-কালোর ওপর সমর্থকদের প্রত্যাশা বেশি। এমন ফাইনাল খেলা মোহামেডানের কাছে ডালভাত। তবে অধিনায়ক এমিলি বলছেন, ‘শিরোপা জয়ের বিশাল চাপ আমাদের ওপর।’ সকার অধিনায়ক নির্ভার, ‘আমরা ফাইনালে হারলে সমস্যা নেই। কিন্তু মোহামেডান হারলে সমর্থকদের ক্ষোভে ওরা স্টেডিয়াম থেকে সহজে বেরোতে পারবে না।’
পেশাদার লিগের গত ছয়টি আসরে মোহামেডান শিরোপাশূন্য, কিন্তু টুর্নামেন্ট-ভাগ্য খারাপ নয়। তিনটি সুপার কাপের দুটিতে জয়, একটিতে ফাইনালে টাইব্রেকারে হার। টুর্নামেন্টে ভিন্ন ধাঁচের খেলা বলে মোহামেডান বাড়তি প্রেরণাই পাচ্ছে।
সাদা-কালোর ঐতিহ্যের পাশে সকার একেবারে নস্যি। তবে ঐতিহ্যই তো সব নয়। নইলে মোহামেডানের হাতে ট্রফি তুলেই দেওয়া যেত ফাইনালের আগে। সেটি ভালোই জানেন প্যারাগুয়েতে বিভিন্ন স্তরে তিনটি ক্লাব শিরোপা জেতা মোহামেডানের পর্তুগিজ কোচ রুই ক্যাপেলা। তাঁর অধীনে ১৫ ম্যাচে মোহামেডানের হার একটি। ২১ গোল করে খেয়েছে আটটি। সিসের সঙ্গে আজ তাঁর মস্তিষ্কের লড়াইও হবে।
ক্যাপেলা ৪-৩-৩ ছকে খেলাবেন বলে জানিয়ে দিলেন। তবে চোটগ্রস্ত জাহিদকে খেলানো হবে কি না সেটি চূড়ান্ত হবে আজ। মিডফিল্ডার জঙ্গোই তাঁর বড় ভরসা, ‘জেতার মতো খেলোয়াড় আমার হাতে আছে।’ পরিকল্পনা বলতে নারাজ সিসে, ‘ইতিহাস গড়তে আমরা সব চেষ্টাই করব।’
পুরো ফেনী সেই স্বপ্নেই বিভোর।