ফুটবলে একজন বিদেশি কমতে পারে
ঘরোয়া ফুটবলে বিদেশি ফুটবলারের কোটা কমছে। বর্তমান আইনে নিবন্ধন করা যায় সাতজনকে। এক ম্যাচে খেলতে পারে সর্বোচ্চ চারজন। নতুন আইনে দুটি ক্ষেত্রে সংখ্যাটা এবার হতে পারে পাঁচ ও তিন।
লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি অবশ্য বিদেশি খেলোয়াড়ের কোটা কমবে বলে একটু অখুশিই। তারা চারজন বিদেশি খেলানোর সুযোগ চায়। দলটির ম্যানেজার আনোয়ারুল করিম অবশ্য বলেছেন, ‘মাঠে তিনজন খেলার নিয়ম করলেও আমাদের আপত্তি নেই। তবে আমরা চাই, বর্তমান নিয়মে চারজনকেই খেলার সুযোগ দেওয়া হোক।’
লিগ রানার্সআপ আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর মত, ‘মাঠে দুজনকে খেলার সুযোগ দেওয়ার নিয়ম করলে ভালো। তবে সর্বোচ্চ তিনজন করলে আমাদের আপত্তি নেই। দুজন হলে নিবন্ধন হতে পারে তিন, তিন হলে চার। নিবন্ধনের কোটা বাড়ালে চাপের মুখে বিদেশি আনতে হয়। বসিয়ে বসিয়ে খেলোয়াড়ের পেছনে টাকা গোনাই সার।’
ব্রাদার্স চায় দুই ও চার। দলটির ম্যানেজার আমের খানের কথা, ‘আমরা লিগ কমিটির সভায় বলেছি, চারজনকে নিবন্ধন ও দুজনকে খেলানোর সুযোগ দেওয়া হোক। কিন্তু ফেডারেশন সম্ভবত একজন কমাতে চায়। একজন নয়, দুজন কমালেই ভালো হবে।’
বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী অবশ্য দুজন কমানোর নিশ্চয়তা দিতে পারেননি, ‘বিদেশি খেলোয়াড়ে কোটা কমানো হবে, এটা নিশ্চিত। দুজন কমবে কি না জানি না। খুব সম্ভবত নিবন্ধন সাত থেকে পাঁচ হবে, মাঠে খেলতে পারবে তিনজন। ক্লাবগুলো চায়, বিদেশি কমানো হোক। ঠিক কয়জন বিদেশি কমানো হবে, সেটা নিয়ে আলোচনার সুযোগ আছে।’
আলোচনার মাধ্যমে চূড়ান্ত হলেও বাফুফের সর্বোচ্চ পর্যায় থেকে নিবন্ধন পাঁচ এবং মাঠের খেলোয়াড় কোটা তিন করার পরামর্শ দেওয়া হয়েছে লিগ কমিটিকে।